ডেস্ক রিপোর্ট

৩০ সেপ্টেম্বর ২০২২, ৩:৪৫ অপরাহ্ণ

রাতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ছে বাংলাদেশ দল

আপডেট টাইম : সেপ্টেম্বর ৩০, ২০২২ ৩:৪৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে শুক্রবার রাতে দেশ ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। রাত ১১টা ৫৫ মিনিটে নিউজিল্যান্ডের বিমান ধরবে তারা। নিউজিল্যান্ড-বাংলাদেশ ছাড়া ত্রিদেশীয় সিরিজের তৃতীয় দলটি হচ্ছে পাকিস্তান।

সম্প্রতি শেষ হওয়া সংযুক্ত আরব আমিরাত সিরিজ, ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের জন্য একই দল ঘোষণা করেছিল বিসিবি। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে ঠিক এই দলটাই সফর করছে। তবে ত্রিদেশীয় সিরিজে দলের সঙ্গী হচ্ছেন না বিশ্বকাপ দলের স্ট্যান্ডবাই তালিকায় থাকা শেখ মেহেদী হাসান ও রিশাদ হাসান। তবে সৌম্য সরকার ও শরিফুল ইসলাম যাচ্ছেন।

তাদের মধ্যে রিশাদ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও দলভুক্ত ছিলেন। ছিলেন এশিয়া কাপের দলেও। শেখ মেহেদী অবশ্য দুবাইতেও যাননি। তবে সংযুক্ত আরব আমিরাতে না গেলেও নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের সরাসরি নিউজিল্যান্ড যোগ দেওয়ার কথা রয়েছে।

ত্রিদেশীয় সিরিজে ডাবল লিগ পদ্ধতিতে একে অন্যের সঙ্গে দুইবার করে মুখোমুখি হবে প্রতিটি দল। ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের লড়াই। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ৯ অক্টোবর, প্রতিপক্ষ স্বাগতিক নিউজিল্যান্ড। এরপর ১২ ও ১৩ অক্টোবর যথাক্রমে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় দফায় মুখোমুখি হবে। ফাইনাল হবে ১৪ অক্টোবর। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।

ত্রিদেশীয় সিরিজ শেষে বাংলাদেশ সরাসরি অস্ট্রেলিয়া চলে যাবে। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু ২৪ অক্টোবর, হোবার্টে। প্রতিপক্ষ প্রথম রাউন্ড থেকে যোগ্যতা অর্জন করা গ্রুপ-এ এর রানার্স আপ দল। ২৬ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ে নামবে সাকিব আল হাসানরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। গ্যাবায় ৩০ অক্টোবর প্রথম রাউন্ডে গ্রুপ-বি থেকে যোগ্যতা অর্জনকারী শীর্ষ দলের সঙ্গে হবে পরবর্তী ম্যাচ।

২ নভেম্বর বাংলাদেশ ভারতের মুখোমুখি হবে। এরপর ৬ নভেম্বর মুখোমুখি হবে পাকিস্তানের। সুপার টুয়েলভে বাংলাদেশের শেষ দুই ম্যাচের ভেন্যু অ্যাডিলেড ওভাল।

বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও নাজমুল হোসেন।

স্ট্যান্ডবাই: শরিফুল ইসলাম, সৌম্য সরকার।

শেয়ার করুন