ডেস্ক রিপোর্ট
২১ আগস্ট ২০২২, ১২:২৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের দেওয়া বিতর্কিত মন্তব্যে সর্বত্র চলছে আলোচনা- সমালোচনা। এমন পরিস্থিতিতে বক্তব্য প্রত্যাহারে মন্ত্রীর কাছে পাঠানো হয়েছে লিগ্যাল নোটিশ।
নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে আইনি প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট করা হবে বলে জানানো হয়।
রোববার (২১ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. ইরশাদ হোসেন রাশেদ ডাক ও রেজিস্ট্রার যোগে পররাষ্ট্রমন্ত্রীর কাছে এই নোটিশ পাঠান।
এর আগে, গত ১৮ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রাম শহরের জে এম সেন হলে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশেরই রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। এটি সম্ভব যদি শেখ হাসিনার সরকারকে সমর্থন দেয় ভারত।
তিনি বলেন, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।
তার এই বক্তব্যের পরই দেশজুড়ে আলোচনার ঝড় ওঠে। তার নিজের দল আওয়ামী লীগও এ বক্তব্যে বিব্রত। রাজনৈতিক বিশ্লেষক ও কূটনীতিকরা বলছেন, পররাষ্ট্রমন্ত্রী যা বলেছেন তা দেশের জন্য অসম্মানজনক।