ডেস্ক রিপোর্ট
২৬ জুলাই ২০২২, ১২:৫৩ পূর্বাহ্ণ
সিলেট প্রতিনিধি:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের অভ্যন্তরে গাজী কালুর টিলায় ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী বুলবুল আহমেদকে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে আহত অবস্থায় পরে থাকতে দেখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরবর্তীতে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের আহবায়ক মনীষা ওয়াহিদ এবং যুগ্ম আহবায়ক পাপ্পু সরকার যুক্ত বিবৃতির মাধ্যমে এই হত্যাকান্ডের বিচার ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের সর্বত্র মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, “দেশের সর্বত্র সাধারণ মানুষ বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে। গাজী কালুর টিলার আশেপাশে প্রায়ই ছিনতাইসহ বিভিন্ন অপরাধের কথা শোনা যায়। এ ব্যাপারে প্রশাসনের দায়িত্বহীনতা এবং নির্লিপ্ততার ফলাফল আজকের বুলবুল হত্যাকান্ড। শাবিপ্রবি প্রশাসনের এরূপ দায়িত্বহীন আচরণের কারণে ভবিষ্যতে এধরণের ঘটনা আবারও ঘটার সম্ভাবনা অমূলক নয়। প্রশাসন কোনোভাবেই এই হত্যার দায় এড়াতে পারেনা। শুধুমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসন নয়, সারাদেশের বিচারহীনতার যেই সংস্কৃতি মানুষের জীবনের নিরাপত্তাটুকু ধ্বংস করেছে সেই ঘটনার দায়ভার এই সরকারকেও নিতে হবে। ”
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলা সংসদ সুষ্ঠু তদন্তের মাধ্যমে বুলবুল হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। এছাড়াও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ প্রশাসনের অপসারণ এবং শাস্তি দাবি করছি।