ডেস্ক রিপোর্ট
১৩ জুলাই ২০২২, ১০:২১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: রাজশাহীতে রাজবাড়ী কলেজের অধ্যক্ষকে অন্য আরো ৭ টি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের সামনেই প্রায় ১৫ মিনিট ধরে লাথি ঘুষি ও হকি স্টিক দিয়ে বেধড়ক মারধরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
আজ ১৩ জুলাই সংবাদ পত্রে প্রকাশের জন্য এক যুক্ত বিবৃতিতে সংগঠনের সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক শোভন রহমান বলেন, সারাদেশে অব্যাহত রয়েছে শিক্ষক নির্যাতন। এর প্রত্যেক ঘটনার সাথেই কোন না কোন ভাবে সরকারদলীয় নেতাকর্মীরা যুক্ত। তারা আইন ও বিচারের ঊর্ধ্বে, তাই তারা যখন তখন যাকে তাকে খুশি অন্যায় ভাবে মারধর করতে পারে, অপমান অপদস্ত করতে পারে। ইতিপূর্বে যতগুলো শিক্ষক নির্যাতনের ঘটনা ঘটেছে, তার একটিরও কোন বিচার হয়নি। কারণ যারা এই দেশের আইন প্রণেতা, সংসদ সদস্য, তারাই এতজন অধ্যক্ষের সামনে আরেকজন অধ্যক্ষকে ১৫ মিনিট ধরে মারধর করার মত ঘৃণ্য অপরাধ করে বেড়ায় নির্দ্বিধায়। এহেন ব্যক্তির সংসদ সদস্য হয়ে থাকা তো দূরের কথা, সুস্থ স্বাভাবিক মানুষের সমাজেই তার কোন স্থান থাকতে পারে না। আমরা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠ তদন্ত চাই ও এর সাথে জড়িত ওই সংসদ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।
নেতৃবৃন্দ আরও বলেন, শিক্ষক নির্যাতন নিপীড়নের এতগুলো ঘটনা ঘটে গেল, কিন্তু শিক্ষামন্ত্রী একবারের জন্যও এই বিষয় নিয়ে কোন কথা বলেননি। শিক্ষামন্ত্রীর এই নিরবতা প্রকারান্তরে এই অপরাধীদের পক্ষেই রায় দিচ্ছে এবং তাদেরকে উৎসাহিত করছে।
নেতৃবৃন্দ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকারদলীয় সন্ত্রাসীদের ত্রাসের রাজত্বের বিরুদ্ধে শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নির্মাণের দাবিতে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানান।