ডেস্ক রিপোর্ট

১৮ মে ২০২২, ২:৫৪ অপরাহ্ণ

পানিতে ভাসছে সিলেট, আশ্রয়কেন্দ্রে ছুটছে পানিবন্দী মানুষ

আপডেট টাইম : মে ১৮, ২০২২ ২:৫৪ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে সিলেট জেলা পানিতে ভাসছে। ফসলি জমি, বাসাবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে গেছে পানিতে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ফলে প্লাবিত এলাকার মানুষজন ছুটছেন আশ্রয়কেন্দ্রের দিকে।

মঙ্গলবার (১৭ মে) সুরমা নদীর পানি উপচে নগরীতে প্রবেশ করায় বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। রাস্তাঘাট ডুবে যায়। বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও অনেক অফিসে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

সিলেট নগরীর ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো- শাহজালাল উপশহর, মাছিমপুর, লালাদিঘির পাড়, কলাপাড়া, লামাপাড়া, ঘাসিটুলা, যতরপুর, সোবহানিঘাট, কালীঘাট, ছড়ারপাড়, শেখঘাট, তালতলা, মাছিমপুর, পাঠানটুলা, লন্ডনি রোড, মেজরটিলা, মোল্লাপাড়া, দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড, মোমিনখলা। আকস্মিক বন্যায় দিশেহারা হয়ে পড়েন এসব এলাকার বাসিন্দারা। এ অবস্থায় তাদের জন্য এগিয়ে আসে সিলেট সিটি কর্পোরেশন। পানিবন্দি মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য সিলেট সিটি কর্পোরেশেনের সাত ওয়ার্ডে খোলা হয় ১৬টি আশ্রয়কেন্দ্র।

এদিকে আশ্রয়কেন্দ্র খোলার খবরে ভিড় করছে পানিবন্দী মানুষ। পরিবার-পরিজন ও মূল্যবান জিনিসপত্র ও টাকা-পয়সা নিয়ে তারা হাজির হচ্ছেন আশ্রয়কেন্দ্রে।

জানা গেছে, সিলেটের ছয় উপজেলাসহ নগরীর বেশির ভাগ মানুষ এখন পানিবন্দি। আকস্মিক এই বন্যায় মানুষ দিশেহারা হয়ে পড়েছে।

সিলেটের নদ-নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। সুরমা, কুশিয়ারা, ধলাই, পিয়াইন নদীসহ স্থানীয় সব হাওরও পানিতে টইটম্বুর। অকাল এই বন্যার কারণে অনেক জায়গায় রাস্তাঘাট তলিয়ে গেছে। বাসাবাড়িতে পানি উঠছে।

সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাইয়িদ চৌধুরী বলেন, আগামী কয়েকদিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তাছাড়াও ভারতের মেঘালয় রাজ্যের বৃষ্টিও কমছে না। তাই পাহাড়ি ঢল নামছে এবং আমাদের দেশেও পানি বাড়ছে।

শেয়ার করুন