ডেস্ক রিপোর্ট

৫ মে ২০২২, ১০:৫৯ অপরাহ্ণ

আওয়ামী লীগে দুর্বৃত্তদের জায়গা নেই : তথ্যমন্ত্রী

আপডেট টাইম : মে ৫, ২০২২ ১০:৫৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দলের নাম ভাঙিয়ে যারা পরীক্ষিত নেতাদের নিগৃহীত করে এমন দুর্বৃত্তদের জায়গা আওয়ামী লীগে নেই। আওয়ামী লীগের ত্যাগী নেতা জিতেন্দ্র গুহর ওপর হামলার ঘটনা ন্যক্কারজনক।

সোমবার (২ মে) দুপুরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা জিতেন্দ্র গুহকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তথ্যমন্ত্রী আহত জিতেন্দ্র গুহের চিকিৎসার খোঁজ খবর নেন।

ড. হাছান মাহমুদ বলেন, জিতেন্দ্র গুহ আমাদের দলের একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ছাত্রলীগ থেকে শুরু করে অনেক দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে আজকের পর্যায়ে এসেছেন। তার ওপর যে হামলা হয়েছে সেটি শুধু নিন্দনীয় নয়, এটি জঘন্য। যারা হামলা করেছে তারা দল থেকে বহিষ্কৃত।

তিনি বলেন, পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের যেই জসিম চেয়ারম্যানের নেতৃত্বে হামলা হয়েছে তাকে দল থেকে আগেই বহিষ্কার করা হয়েছিল ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণে। তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আশা করছি অন্য আসামিরাও দ্রুত গ্রেপ্তার হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। আমাদের দলের সমস্ত নেতাকর্মীরা জিতেন গুহের সঙ্গে আছে। এ ধরনের দুষ্কৃতিকারীদের আমাদের দলে কোনো স্থান নেই। যারা এই ধরনের দুর্বৃত্ত আছে, দলের নাম ভাঙিয়ে নানা সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে, দলের নাম ভাঙিয়ে দলের পরীক্ষিত নেতাদের নিগৃহীত করে তাদের কোন জায়গা আমাদের দলে নেই।

তিনি বলেন, এ ঘটনার অবশ্যই সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি হবে। চেয়ারম্যান বিএম জসিমকে আগেই বহিষ্কার করা হয়েছে। ইতিমধ্যে থানা আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে তাকে যেন আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ খ ম শামসুদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোরশেদ উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন