ডেস্ক রিপোর্ট
৩০ এপ্রিল ২০২২, ৮:১১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ মে দিবসের চেতনায় শোষণ মুক্তির আন্দোলনকে শক্তিশালী করার আহবান জানিয়েছেন। তিনি ১৩৬তম মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশসহ সারা পৃথিবীর শ্রমজীবী মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়ে আজ শনিবার (৩০ এপ্রিল) সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে এই আহবান জানান।
বিবৃতিতে তিনি বলেন, ৮ঘণ্টা কর্মদিবসের দাবির অন্তরালে ছিল ন্যায্য মজুরি ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার আকাক্সক্ষা। পুঁজিবাদী সমাজে মালিক শ্রেণি কর্ম ঘণ্টা বাড়িয়ে এবং আধুনিক যন্ত্র চালু করে শোষণ তীব্র করে থাকে। এর ফলে শ্রমিকের প্রকৃত মজুরি কমে এবং মালিকের মুনাফা ক্রমাগত বাড়তেই থাকে। পুঁজিবাদী ব্যবস্থা চালু থাকার কারণে ১৩৬ বছর পরেও ৮ঘণ্টা কর্ম দিবসের দাবি করতে হচ্ছে শ্রমজীবীদেরকে।
তিনি ন্যায্য মজুরি, বাধ্যতামূলক ওভার টাইম বন্ধ, কর্মক্ষেত্রে নিরাপত্তা, কর্মক্ষেত্রে মৃত্যুবরণ করলে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠা, শ্রম আইনের অগণতান্ত্রিক ধারা বাতিল, কর্মক্ষেত্রে হয়রানি ও যৌন হয়রানি বন্ধ, অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, সার্বজনীন পেনশন, রেশনসহ শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি পূরণের আন্দোলনকে সমাজ পরিবর্তনের আন্দোলনে পরিণত করার জন্য দেশের প্রমজীবীদের প্রতি আহবান জানান।