ডেস্ক রিপোর্ট
৩০ মার্চ ২০২২, ৩:১০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: রাজধানীর কামরাঙ্গীরচরে ভেজাল খাদ্য ও পানীয় তৈরির অভিযোগে মো. শাহ আলম নামের একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (৩০ মার্চ) অভিযানে নেতৃত্ব দেওয়া ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ফজলুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, কামরাঙ্গীরচর থানার পশ্চিম মমিনবাগ কাজীবাড়ি গলির একটি বাসার নিচতলায় ভেজাল খাদ্য ও পানীয় তৈরি হচ্ছে বলে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় শাহ আলমকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১০০ প্যাকেট (২২০০ পিস) ‘গ্রাম বাংলার চাটনী’, ৫০ প্যাকেট (১২০০ পিস) ‘রোবেট ড্রিংকস ললিপপ’, ৬০ প্যাকেট (১৪৪০ পিস) ‘নুর ওরেঞ্জ জুস’ ও ৬০ প্যাকেট (১৪৪০পিস) ‘স্পিড ড্রিংকস’ জব্দ করা হয়।
গ্রেফতার শাহ আলম বিভিন্ন নামে অবৈধভাবে কেমিক্যালযুক্ত ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব ভেজাল খাদ্য ও পানীয় উৎপাদন করে ঢাকা মহানগরসহ সারাদেশে বিক্রি করতেন। তার বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে বলেও জানান গোয়েন্দা এ কর্মকর্তা।