ডেস্ক রিপোর্ট
৯ এপ্রিল ২০২১, ৩:৩৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক :: করোনার বিধিনিষেধ লঙ্ঘন করে জন্মদিনের অনুষ্ঠান করায় নরওয়ের প্রধানমন্ত্রী এর্না সোলবার্গকে জরিমানা করেছে দেশটির পুলিশ।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন দেশটির পুলিশ প্রধান। গেল ফেব্রুয়ারিতে পারিবারিকভাবে নিজের ৬০তম জন্মদিন উদযাপন করেন তিনি।
করোনার কারণে ১০ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ হলেও নরওয়েজিয়ান প্রধানমন্ত্রী এর্না সোলবার্গের জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৩ জন। সামাজিক দূরত্বের বিধি ভঙ্গ করায় তাকে ২০ হাজার নরওয়েজিয়ান ক্রাউন জরিমানা করা হয়েছে। পরে সংবাদ সম্মেলন করে এঘটনার জন্য ক্ষমা চান এর্না সোলবার্গ।
করোনার বিধিনিষেধ লঙ্ঘনের ঘটনায় দেশটিতে সাধারণত জরিমানা করা হয় না। তবে বিধি নিষেধের প্রতি সাধারণ মানুষের আস্থা ধরে রাখতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান পুলিশ প্রধান।