ডেস্ক রিপোর্ট
২৮ এপ্রিল ২০২১, ৬:০৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৭৭ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৩০৫ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৯৫৫ জন। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৫৪ হাজার ৬১৪ জনে।
আজ বুধবার (২৮শে এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি ও বেসরকারি ৩৫৮টি ল্যাবরেটরিতে ২৮ হাজার ২০৬টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৪৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৫ হাজার ৩৯২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ছয় লাখ ৭২ হাজার ৩১৯ জন।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (২৮শে এপ্রিল) সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন প্রায় ১৫ হাজার এবং নতুন করে প্রায় ৮ লাখ ৩০ হাজার মানুষের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩১ লাখ ৫১ হাজার ৬০৬ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৯৪ লাখ ২৯ হাজার ৮৫৩ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ কোটি ৭১ লাখ ৬ হাজার ২৪০ জন।
গত বছরের ৮ই মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ই মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।