ডেস্ক রিপোর্ট
৯ জানুয়ারি ২০২২, ১০:৫৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ইনডিপেনডেন্ট কাপে শুভ সূচনা করেছে সাকিব আল হাসানদের দল ওয়ালটন মধ্যাঞ্চল। ১৭৭ রানের পুঁজি নিয়েও মোহাম্মদ আশরাফুল, ইমরুল কায়েসদের ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলকে ২২ রানে হারিয়ে দিয়েছে দলটি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিএলের ওয়ানডে সংস্করণের এই আসরে টস হেরে ব্যাট করতে নামে মধ্যাঞ্চল। ৪৩.২ ওভারে গুটিয়ে যায় দলটি।
সাকিব ৫৮ বলে ৩৫ রান করেন। সর্বোচ্চ ৩৭ বলে ৩৭ রান করেন মোহাম্মদ মিঠুন। ৪০ বলে ৩৬ রান করেন মিজানুর রহমান।
পূর্বাঞ্চলের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন রুবেল হোসেন ও রেজাউর রহমান রাজা। তানভির ইসলাম নেন ২ উইকেট।
জবাব দিতে নেমে সাকিব, হাসান মুরাদ, মোসাদ্দেক হোসেনদের বোলিং তোপে পড়ে পূর্বাঞ্চল। ৪৭.১ ওভারে ১৫৫ রানে গুটিয়ে যায় দলটি।
মোহাম্মদ আশরাফুল শূন্য রানে আউট হন। রনি তালুকদার ৬০ বলে ৩৮, ইরফান শুক্কুর ৫৩ বলে ৩১, নাদিফ চৌধুরী ৫৪ বলে ২৮ রান করেন।
সাকিব ১০ ওভার বল করে ২৪ রান খরচায় ২ উইকেট নেন। মুরাদ ২৮ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। সৌম্য সরকার ২ ওভার বল করে ৪ রান খরচায় ২ উইকেট নিয়েছেন। মোসাদ্দেক হোসেন সৈকত ১০ ওভারে মাত্র ১৩ রান খরচায় নেন ১ উইকেট। ম্যাচসেরাও তিনি।
অন্য ম্যাচে বিসিবি দক্ষিণাঞ্চলকে ৮ উইকেটে হারিয়েছে বিসিবি উত্তরাঞ্চল।