ডেস্ক রিপোর্ট
৯ জানুয়ারি ২০২২, ২:৫৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: মানুষের মধ্যে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নেওয়ার আগ্রহ কমে গেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রবিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সম্প্রতি দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির বিষয়ে কথা বলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘সংক্রমণ বাড়ছে। আমি আগেই বলেছিলাম, টিকা সংক্রমণ কমায় না, মৃত্যুর হার কমায়।’
তিনি বলেন, ‘টিকার অভাব হচ্ছে না। কিন্তু মানুষের টিকা নেওয়ার আগ্রহ কমে গেছে। সে কারণে আমার বিভিন্ন প্রচার-প্রচারণা করছি।’
জাহিদ মালেক বলেন, ‘আজ মৃত্যুর হার এত কম কেন- কারণ টিকা নিয়েছে মানুষ। পৌনে ৮ কোটি মানুষ টিকা নেওয়ায় মৃত্যুর হার এত কম।’
এ সময় তিনি বলেন, ‘মাস্ক পরা ছাড়া, স্বাস্থ্যবিধি মানা ছাড়া সংক্রমণ কমানো যাবে না। এটা আমাদের সবাইকে মানতে হবে।’
দেশের বিভাগীয় ৮টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।