ডেস্ক রিপোর্ট
৫ জানুয়ারি ২০২২, ২:১৭ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক:: গত বছর বেশ কয়েকটি সমরাস্ত্র পরীক্ষা করে কোরীয় উপদ্বীপে উত্তেজনা ছড়িয়েছিলে উত্তর কোরিয়া। যার আঁচ পড়ে বিশ্ব রাজনীতিতে। একই সময়ে প্রতিবেশী দক্ষিণ কোরিয়াও নতুন অস্ত্র পরীক্ষা করে।
এবার বছরের শুরুতে সেই উত্তেজনা ফিরিয়ে আনলো উত্তর কোরিয়া, সাগরে নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি। অস্ত্রটিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে মনে করা হচ্ছে। এ তথ্য দিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান।
কিম জং উন ক্ষমতা গ্রহণের পর থেকে গত এক দশকে উত্তর কোরিয়া আন্তর্জাতিক অবরোধ সত্ত্বেও সামরিক প্রযুক্তিতে দ্রুত অগ্রগতি অর্জন করেছে।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলছে, মঙ্গলবার ২৩১০ জিএমটিতে উত্তর কোরিয়া সাগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এটি সম্ভবত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও একে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে উল্লেখ করেছেন।
সাংবাদিকদের তিনি বলেছেন, গত বছর থেকে উত্তর কোরিয়া অব্যাহতভাবে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে। এটি সত্যিই দুঃখজনক।
এদিকে উৎক্ষেপণের আগে গত সপ্তাহে কিম বলেছেন, উত্তর কোরিয়া তার সামরিক সক্ষমতা বাড়ানোর কাজ অব্যাহত রাখবে।