ডেস্ক রিপোর্ট
২৫ এপ্রিল ২০২১, ৫:৫৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ‘আর কিছুতে না পারি, বায়ুদূষণে আমরা বিরাট চ্যাম্পিয়ন। কিছুদিন পরপরই সারা পৃথিবীতে উল্টো দিক থেকে প্রথম হচ্ছি। আর আমাদের ফুসফুস ভরে যাচ্ছে বিষাক্ত ক্বাথে।’
রোববার সকালে বায়ুদূষণে দেশের অবস্থান তুলে ধরে এভাবে লিখেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
অভিনয়ের পাশাপশি একজন পরিবেশবাদী জয়া আহসান। পৃথিবী সবুজ হয়ে উঠুক, মানুষ বাঁচুক নির্মল শ্বাস-নিঃশ্বাস নিয়ে-এমনটিই চান জয়া। তাই ফেসবুকে নিজের ছবি-ভিডিও, সিনেমার প্রচার ছাড়াও এসব নিয়েও লিখেন মাঝে মাঝে। সচেতনতার বার্তা ছড়িয়ে দেন মানুষের মাঝে।
রোববার সকালে ফেসবুকে জয়া আহসান ২২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। বাসার ছাদ থেকে করা ভিডিওটি।
ক্যাপশনে লিখেন, ‘ভিডিওটা গতকাল সকাল ৮টার, ছাদে উঠেই থমকে গেলাম। যেন অবিকল কোনো ডিস্টোপিয়ান সায়েন্স ফিকশনের সেট পড়েছে শহরজুড়ে। ধোঁয়া ধোঁয়া, চারপাশে সব অস্পষ্ট। ধুলো আর ধোঁয়া মিলে ধোঁয়াশার পেটে পুরো শহর। চোখ বেশি দূর চলে না। শ্বাস নিতে কষ্ট হয়। হায়, আমার শহর।’
দেশ ক্রমাগত উন্নয়ন হচ্ছে। অথচ এই উন্নয়নের নামে নষ্ট করা হচ্ছে পরিবেশ। মানুষের সুস্থ হয়ে বেঁচে থাকাটা ঝুকির মধ্যে চলে যাচ্ছে দিনকে দিন। বিষয়টি উল্লেখ করে জয়া লিখেন, ‘আমাদের যেন গলা থেকে পশ্চাৎদেশ, শরীরের পুরোটাই পাকস্থলি। খিদের শেষ নেই। খালি বড় করে কামড়ে ধরো আর খাও। পরিবেশের বারোটা বাজল তো আমার কী হলো!’
ক্যাপশনে প্রশ্ন ছুড়ে দিয়ে জয়া লিখেন, ‘ইট পোড়ানো ধোঁয়ায় আমরা শহর ডুবিয়ে দেব। আপনি বাঁচলে বাপের নাম। উন্নয়নকাজের ধুলোয় অন্ধকার করে দেবো দেশ। আর কোনো দেশে কি উন্নয়ন হচ্ছে এত?’