ডেস্ক রিপোর্ট
১০ নভেম্বর ২০২১, ৭:৫০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: শহীদ সৈয়দ আমিনুল হুদা টিটো ও শহীদ নূর হোসেনের প্রয়াণ দিবসে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সকল বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
এক যুক্ত বিবৃতিতে কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি নজির আমিন চৌধুরী জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাগীব নাঈম বলেন, সামরিক জান্তা জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদের স্বৈরাচারী শাসন থেকে দেশকে মুক্ত করতে নিজেদের সর্বশ্রেষ্ঠ সম্পদ জীবন উৎসর্গ করেছিলেন জাতির এই দুই সূর্যসন্তান। তাঁদের আত্মত্যাগে স্বৈরাচারের পতন হলেও কাঙ্ক্ষিত রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির স্বাদ পায়নি এই দেশের জনগণ।
নেতৃবৃন্দ বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বদলে দেশকে ক্রমাগত উল্টোপথে নিয়ে গেছে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলাম। আওয়ামী লীগ গত ১২ বছরে গণতন্ত্রের একেবারে প্রাথমিক এবং অত্যাবশ্যকীয় পূর্বশর্ত অর্থাৎ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। রাজনৈতিক হত্যা, গুম, দমন, ধর্ষণ, বিচার বহির্ভূত হত্যাকান্ডের চূড়ান্ত রূপ দেখেছে দেশের মানুষ। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ব্যস্ত বর্তমান সরকার একদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও সেবার মূল্য বৃদ্ধি করছে আর ক্রমাগত কর বাড়াচ্ছে, অন্যদিকে স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসাকে নিয়ে যাচ্ছে গণমানুষের নাগালের বাইরে। মুখে গণতন্ত্রের বুলি আর কাজ-কর্মে স্বৈরাচারী ধরণ এই সরকারকে জনগণের মাথার উপর বোঝা করে তুলেছে।
নেতৃবৃন্দ আরো বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অকুতোভয় শহীদ সৈয়দ আমিনুল হুদা টিটো ও শহীদ নূর হোসেনের মত অগণিত বীরদের চেতনাকে বুকে ধারণ করে সকল শ্রেণি-পেশার মানুষকে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে হবে। যে গণতন্ত্রের জন্য আমাদের পূর্বপুরুষেরা নিজেদের সর্বোত্তম সম্পদকে উৎসর্গ করেছিলেন, তা পুনরুদ্ধার করে দেশকে সাম্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের ভূখন্ডে পরিণত করার কোন বিকল্প নেই।