ডেস্ক রিপোর্ট

৯ নভেম্বর ২০২১, ৯:৩৭ পূর্বাহ্ণ

২০ মাস পর বিদেশি ভ্রমণকারীদের প্রথম দল যুক্তরাষ্ট্রে

আপডেট টাইম : নভেম্বর ৯, ২০২১ ৯:৩৭ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ২০ মাস পর বিদেশি ভ্রমণকারীদের প্রথম দল যুক্তরাষ্ট্র প্রবেশ করেছে। স্থানীয় সময় সোমবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ভ্রমণকারীদের নিয়ে দুটি ফ্লাইট নিউইয়র্ক বিমানবন্দরে পৌঁছায়।

এর আগে সোমবার করোনার কারণে বন্ধ থাকা সীমান্ত নিষেধাজ্ঞা ২০ মাস পর তুলে নেয় বাইডেন প্রশাসন। তারা জানায় দুই ডোজ টিকা গ্রহণকারীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে।

যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ ৩০টি দেশের ওপর থেকে এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। গত বছর করোনা মহামারির শুরুর দিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ করেন। পরে তা বহাল রাখেন জো বাইডেন। দীর্ঘদিন পর সীমান্ত খুলে দেয়ায় স্বস্তিতে ভ্রমণকারীরা। সীমান্ত খুলে দেয়ার ঘোষণার পর ৬ সপ্তাহে ৪শ ৫০ শতাংশ বেশি ফ্লাইট বুক হয়। চাহিদা মেটাতে ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে এয়ারলাইন্স কোম্পানিগুলো।

নিরাপদ ভ্রমণের জন্য বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রশাসন। ভ্রমণকারীদের দুই ডোজ টিকা নেয়া থাকতে হবে। বিমানবন্দরে দেখাতে হবে টিকা সনদ। ফ্লাইটের পূর্বে সর্বোচ্চ তিনদিনের মধ্যে করোনা পরীক্ষা করতে হবে। দেখাতে হবে নেগেটিভ রিপোর্ট। এয়ারলাইন্স কোম্পানিগুলোকে কনট্যাক্ট ট্রেসিং ব্যবস্থা গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

২০ মাস পর আন্তর্জাতিক সীমান্ত উন্মুক্ত হওয়ায় বিপুল সংখ্যক পর্যটকের আগমন হবে বলে আশা করা হচ্ছে। এতে স্থানীয় ক্ষুদ্র ব্যবসাগুলোতেও গতি ফিরে আসবে। ব্যবসা বাণিজ্যও ফের চাঙা হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

শেয়ার করুন