ডেস্ক রিপোর্ট
৯ নভেম্বর ২০২১, ৯:২৭ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: ভারতের মধ্যপ্রদেশে হাসপাতালের শিশু বিভাগে আগুন লেগে চার শিশুর মৃত্যু হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, সোমবার রাতে ভোপালের কমলা নেহরু হাসপাতালের শিশুদের আইসিইউ (পিআইসিইউ) বিভাগে আগুন লাগে। শিশু বিভাগে তখন অন্তত ৫০ জন শিশু ভর্তি ছিল।
খবর পেয়ে ২৫টি অগ্নিনির্বাপণ ইউনিট কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন শিশুদের স্বজনরা। তারা হাসপাতালের ভেতরে ঢোকার চেষ্টা করেন। তাদের নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়।
ভোপালের (দক্ষিণ) পুলিশ সুপার বিজয় খাতরি বলেন, ‘আগুনের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। কিন্তু তা অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরিবারের সদস্যরা যাতে সহযোগিতা করেন, সেই চেষ্টা করা হচ্ছে।’
হাসপাতালে উদ্ধারকাজ চলাকালে সেখানে যান মধ্যপ্রদেশের স্বাস্থ্য শিক্ষামন্ত্রী বিশ্বাস সারং। তিনি বলেন, মৃত শিশুদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দেন।
ভোপাল পৌরসভার অগ্নিনির্বাপণ বিভাগের কর্মকর্তা রামেশ্বর নীল বলেন, সম্ভবত শর্ট সার্কিট থেকেই আগুন লেগে তা হাসপাতালের ইলেকট্রিকের তারে দ্রুত ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা ফ্লোর।
রাত ৮টা ৪০ মিনিটে হাসপাতালের এক কর্মী আগুন লাগার খবর দেন কন্ট্রোল রুমে। দ্রুত তিনটি দমকল স্টেশন থেকে ঘটনাস্থলে পৌঁছায় অগ্নিনির্বাপণের ২৫টি ইঞ্জিন। আগুন নেভে রাত ১২টার দিকে।