ডেস্ক রিপোর্ট
২৪ এপ্রিল ২০২১, ৪:৪১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বোলারদের বধ্যভূমিতে মোটামুটি ভালোই করেছেন তিনি। বাংলাদেশের প্রথম ইনিংসে ২৮ ওভার হাত ঘুরিয়ে লাহিরু কুমারা ৮৮ রানে নিয়েছেন এক উইকেট। দলের পেস আক্রমণের অন্যতম এই সেরা অস্ত্রকে টেস্টের মাঝপথে হারিয়ে বসলো শ্রীলঙ্কা।
টেস্টের তৃতীয় দিনে (শুক্রবার) ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন কুমারা। ওদিনই বিকেলে এমআরআই স্ক্যানে ধরা পড়েছে সে চোট।ফলে এই টেস্টে আর বোলিং করতে পারবেন না লঙ্কান পেসার।
চোটপ্রবণতা ক্যারিয়ারে বড় ধরনের সমস্যায় ফেলছে কুমারাকে। পাঁচ মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার কোনো টেস্টের মাঝপথে ছিটকে গেলেন তিনি। গত বছরের শেষদিকে সেঞ্চুরিয়ানে বক্সিং ডে টেস্টে চোটে পড়েছিলেন এই পেসার।
কুমারার ছিটকে যাওয়ার অর্থ চলতি পাল্লেকেলে টেস্টে কেবল তিনজন ফ্রন্টলাইন বোলার নিয়ে দ্বিতীয় ইনিংসে নামতে হবে শ্রীলঙ্কাকে। দুই পেসার সুরাঙ্গা লাকমল আর বিশ্ব ফার্নান্ডোর সঙ্গে লঙ্কান একাদশে স্পেশালিস্ট বোলার এখন কেবল লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ধনঞ্জয়া ডি সিলভা অফস্পিন সার্ভিস দিলেও তিনি মূলত পার্টটাইমার।
কুমারার অবশ্য এই টেস্টে লোয়ার অর্ডারে ব্যাটিংয়ের প্রয়োজনটা পড়বে না বলেই মনে হয়। ফ্লাট উইকেটে বাংলাদেশের ৫৪১ রানের জবাবে ইতিমধ্যেই ৩ উইকেটে ৪৫০ রান তুলে ফেলেছে লঙ্কানরা।