ডেস্ক রিপোর্ট
৫ নভেম্বর ২০২১, ২:২২ পূর্বাহ্ণ
সিলেট প্রতিনিধি :: কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলা ও দুইজনের প্রাণহানি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহারের দাবি করেছেন সিলেটের রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ।
শুকবার (৫ নভেম্বর ) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক সময়ে কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্হানে সাম্প্রদায়িক হামলা ও দুইজনের প্রাণহানি প্রসঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী জনাব ডঃ এ কে মোমেন সাহেবের সম্প্রতি প্রদত্ত এক বিবৃতির প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। তাঁর বক্তব্য প্রকৃত সত্যের সাথে সাংঘর্ষিক এবং সংগতিহীন, দুর্ভাগ্যজনক ও সরকারের অবস্থানের বিপরীত। তিনি সামপ্রদায়িক হামলায় সংগঠিত হত্যাকান্ডকে লঘুভাবে নিরুপন ও উপস্থাপন করে জনমনে হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছেন বলে মনে করি। সরকারের উচ্চপদস্হ দায়িত্বশীল ব্যক্তির এধরণের বক্তব্যে সৃষ্ট পরিস্থিতিতে সরকার ও সরকারি দলের দায় এড়িয়ে যেতে পারেন না।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমরা মাননীয় পররাষ্ট্র মন্ত্রীর প্রদত্ত অসত্য বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে এবং তা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। সাথে সাথে সরকার ও সংশ্লিষ্ট সকলের অবস্থান স্পষ্টকরণের উদাত্ত আহ্বান ও দাবি জানাচ্ছি।
বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন,গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মোঃ আরশ আলী, সিলেট জেলা সিপিবির সাবেক সভাপতি এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ আবুল কাশেম, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্ল্যাহ শহিদুল ইসলাম, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী ,আইডিয়ার নির্বাহী নজমুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অম্বরিষ দত্ত, সাম্যবাদী দলের জেলা সাধারণ সম্পাদক ধীরেণ সিংহ, ন্যাপ ঐক্য সিলেট জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল,সিপিবি জেলা সভাপতি হাবিবুল ইসলাম খোকা,বাসদ (মার্ক্সবাদী) আহ্বায়ক উজ্জল রায়, ওয়ার্কার্স পার্টির সভাপতি সিকান্দর আলী,বাসদ সমন্বয়ক আবু জাফর, ওয়ার্কার্স পার্টি(মার্ক্সবাদী) জেলা সভাপতি সিরাজ আহমদ, ন্যাপ ঐক্য সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুল, গণতন্ত্রী পার্টি সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, জাসদ সাধারণ সম্পাদক কে,এ কিবরিয়া চৌধুরী, সিপিবি সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, জাসদ মহানগর সভাপতি মিশফাক আহমেদ মিশু, জাসদ মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, ওয়ার্কার্স পার্টি জেলা সাধারণ সম্পাদক ইন্দ্রানী সেন শম্পা, বাসদ(মার্ক্সবাদী) জেলা সদস্য এডভোকেট হুমায়ূন রশীদ শোয়েব, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, সাম্যবাদী আন্দোলনের এডভোকেট রণেন সরকার, প্রমুখ।