ডেস্ক রিপোর্ট
৩ নভেম্বর ২০২১, ৫:২৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: খাদ্য পরিকল্পনা ও পরিধারন কমিটি ভার্চুয়াল সভা করে অযৌক্তিক ভাবে সরকারিভাবে ধান ও চাল ক্রয়ের ক্ষেত্রে দামের ব্যবধান কেজিতে ১৩ টাকা করেছে। যে সভায় চাতাল মালিকদের প্রতিনিধি উপস্হিত থাকলেও কোন কৃষক প্রতিনিধি ছিলেন না।
গত ১ নভেম্বর ২০২১ খাদ্য পরিকল্পনা ও পরিধারন কমিটির এক ভার্চুয়াল সভায় বর্তমান আমন মৌসুমে প্রায় ৮ লাখ টন ধান ও চাল ক্রয়ের সিদ্ধান্ত হয়েছে। জানা গিয়েছে ঐ বৈঠকে চাতাল মালিকদের প্রতিনিধি উপস্হিত থাকলেও কোন কৃষক প্রতিনিধি ছিলেন না।
বৈঠকে গত বছরের তুলনায় ধানের দাম ১টাকা বাড়িয়ে ২৭ টাকা ও চালের দাম ৩ টাকা বাড়িয়ে ৪০টাকা করা হয়। অর্থাৎ ধানের দাম থেকে চালের দাম কেজিতে ১৩ টাকা বেশি।
খাদ্য পরিকল্পনা ও পরিধারন কমিটির এহেন সিদ্ধান্ত একপেশে ও অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষক মজুর সংহতির আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু।
আবদুর রশিদ নীলু মঙ্গলবার (২ নভেম্বর,২০২১) বিকেল ৪ টায় এক বিবৃতিতে বলেন, ধান উৎপাদনে কৃষকদের ব্যয়ের হিসাবেটা একেবারেই আমলে নেয়া হয়নি। এই সিদ্ধান্ত নিশ্চিত ভাবেই চাতাল মালিকদের স্বার্থ রক্ষা করা হয়েছে। আমরা খাদ্য পরিকল্পনা ও পরিধারন কমিটির এই পক্ষপাত দুষ্ট সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করে ধানের দাম কেজি প্রতি ৩০ টাকা নির্ধারণের জোর দাবি জানাচ্ছি।