ডেস্ক রিপোর্ট

২ নভেম্বর ২০২১, ৫:৩০ অপরাহ্ণ

ডিজিটাল নিরাপত্তা মামলায় শ্রীপুর গণজাগরণ মঞ্চের আহ্বায়ক আনোয়ার গ্রেপ্তার

আপডেট টাইম : নভেম্বর ২, ২০২১ ৫:৩০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: গাজীপুরের শ্রীপুরে ফের গণজাগরণ মঞ্চের আহ্বায়ক আনোয়ার হোসেনকে (৪৮) গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা-পুলিশ।

গত মাসের ১০ অক্টোবর হালিম পালোয়ান নামে এক ব্যক্তির করা ডিজিটাল নিরাপত্তা আইনে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানি ও আপত্তিকর পোস্ট দেওয়ার জেরে এ মামলা করে বলে বাদী অভিযোগে উল্লেখ করেন।

গত ৫ সেপ্টেম্বর পোস্ট করলেও এক মাসের বেশি সময় পর এ মামলা দায়ের করেন প্রহল্লাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হালিম পালোয়ান।

গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার আদালতের মাধ্যমের তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি ছাপিলা পাড়া গ্রামের মৃত সুলতান উদ্দীনের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর গণজাগরণ মঞ্চের শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন তার নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেন।

বাদী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তিনি ঠিকাদারি ব্যবসা করে আসছেন এ সুবাদে তার সুনাম নষ্ট করতে এমন মানহানিকর পোস্ট করে আনোয়ার হোসেন।

এ সময় স্থানীয় গাজীপুর -৩ আসনের এমপি ইকবাল হোসেন সবুজকে ঘিরেও সে নানা আপত্তিকর কুরুচিপূর্ণ পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এতে এমপি মহোদয়েরও সুনাম ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেনের স্বজনরা জানান, দীর্ঘ দিন ধরে একটি বন মামলায় পুলিশ বাড়িতে অভিযান চালাত তাকে গ্রেপ্তার করতে। এতে আমরা হয়রানির শিকার হয়েছি। পরে সে মামলায় বেশ তথ্যগত অমিল থাকায় আমরা প্রতিবাদ করি। পরে সোমবার কাগজপত্র নিয়ে থানায় যেতে বলে যাচাই-বাছাইয়ের জন্য।

এ সময় আনোয়ার থানায় গেলে বন মামলায় কোনো সমস্যা নাই বলে জানানো হয়। পরে তাকে থানায় বসিয়ে জানানো হয় তার নামে একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে।

মামলার বাদী হালিম পালোয়ানের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

স্বজনরা অভিযোগ করে বলেন, আমরা বহুবার থানায় গিয়ে কোনো মামলা হয়েছে কিনা জানতে চেয়ে নকল চেয়েছি কিন্তু পুলিশ জানায় কোনো মামলা না থাকায় নকল হয় না। কিন্তু অন্য একটি মামলায় পরামর্শ দিতে থানায় ডেকে নিয়ে প্রায় দুই মাস আগের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো।

আ.লীগ নেতা মামলার বাদী হালিম পালোয়ান জানান, আমাকে ও এমপি মহদোয়কে ঘিরে মানহানি ও আপত্তিকর পোস্ট করায় আইনের আশ্রয় নিয়েছি। আনোয়ার তার ফেসবুকে পোস্টে যা লিখেছে ও ছবি পোস্ট করেছে তা মিথ্যা আর ভিত্তিহীন।

শ্রীপুর মডেল থানার এসআই (তদন্ত কর্মকর্তা) রিপন আহম্মেদ জানান, সোমবার রাতে শ্রীপুর থানা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘ সময় ধরেই পলাতক ছিলেন। পরে তার অবস্থানের খবর নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা। দুপুরে আদালতের মাধ্যমের তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

শ্রীপুর মডেল থানার ওসি (অপারেশন) গোলাম সারোয়ার বলেন, দুই মাস আগের মামলা হলেও সে পলাতক ছিল। তার নামে একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে। সে মামলাতে তাকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন