ডেস্ক রিপোর্ট

২৪ অক্টোবর ২০২১, ৯:৩৮ অপরাহ্ণ

গত কয়েক দশকে দেশে সাম্প্রদায়িক বিভাজন তৈরি হচ্ছে: রাশেদ খান মেনন

আপডেট টাইম : অক্টোবর ২৪, ২০২১ ৯:৩৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকারবিডি ডেস্ক :: গত কয়েক দশকে দেশে সাম্প্রদায়িক বিভাজন তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। সম্প্রতি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে সংসদ সদস্য মেনন বলেন, এটা পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে।

রবিবার (২৪ অক্টোবর) ‘আদিবাসী ও সংখ্যালঘুবিষয়ক সংসদীয় ককাস’ আয়োজিত এক ভার্চুয়াল সভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, কুমিল্লার ঘটনায় প্রমাণিত হয়েছে, পরিকল্পিতভাবে সংখ্যালঘু মানুষের ওপর নির্যাতন চালানোর জন্যই এ ঘটনা ঘটানো হয়েছিল।

তিনি বলেন, একসময় বিএনপি এ ধরনের সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতায় নিয়ে আশকারা দিয়েছে। এখন আবার সেই শক্তির সঙ্গে আপস চলছে। সে জন্যই তারা সহিংস ঘটনা ঘটানোর এ সাহসগুলো পায়।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, আমরা অসাম্প্রদায়িক চেতনাসম্পন্ন নেতৃত্ব গড়ে তুলতে পারছি না।’

অনুষ্ঠানে সংসদ সদস্য শিরিন আখতার বলেন, ‘সমাজ ও রাষ্ট্রে অসাম্প্রদায়িক চেতনার যুবসমাজ ও রাজনৈতিক দলকে গড়ে তুলতে হবে। এটা অত্যন্ত জরুরি। বাংলাদেশে অবশ্যই উন্নয়ন হচ্ছে। তবে সংবিধানের মূলনীতির আলোকে উন্নতি করতে হবে। যদি আমরা সেভাবে এগোতে না পারি, তাহলে আবার এমন ঘটনা ঘটবে।’

সরকার দলের সংরক্ষিত আসনের এমপি আরমা দত্ত একটি টাস্কফোর্স গঠন করে সহিংসতার শিকার এলাকাগুলো পরিদর্শনের প্রস্তাব করেন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, এরশাদের সময়কার এবং ২০০১ থেকে ২০০৬ সালের সাম্প্রদায়িক হামলার পরে মনে করা হয়েছিল, ২০০৮ সালের পরে আর সাম্প্রদায়িক হামলা হবে না। কিন্তু তারপরও দেখা যায়, সংখ্যালঘুদের লক্ষ্য করে হামলা করা হচ্ছে। পর্যায়ক্রমে হামলা বেড়ে যাচ্ছে।

রবিবার অনুষ্ঠিত এই ভার্চুয়াল সভায় আরও অংশ নেন আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, সাংবাদিক প্রণব সাহা, উন্নয়নকর্মী শঙ্কর পাল প্রমুখ।

শেয়ার করুন