ডেস্ক রিপোর্ট

২৫ সেপ্টেম্বর ২০২১, ১১:০৭ অপরাহ্ণ

‘রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধ বা বিরাষ্ট্রীয়করণ নয়, আধুনিকায়ন করে চালু কর’

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৫, ২০২১ ১১:০৭ অপরাহ্ণ

শেয়ার করুন

গাইবান্ধায় প্রতিনিধি সভায় বক্তারা

অধিকার ডেস্ক:: চিনিকল ও আখচাষ বন্ধ বা বিরাষ্ট্রীয়করণ করার প্রতিবাদে, বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকল আধুনিকায়ন করে চালুর দাবিতে সারাদেশের চিনিকল শ্রমিক, আখচাষি ও শিক্ষক, বুদ্ধিজীবীদের নিয়ে গাইবান্ধায় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ, বাংলাদেশ আখচাষি ইউনিয়ন ও কৃষক সংগঠনসমূহের উদ্যোগে গাইবান্ধায় পাবলিক লাইব্রেরি হলে সকাল ১১টায় এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলাম। সঞ্চালনা করেন বিপ্লবী শ্রমিক সংহতির আহ্বায়ক আবু হাসান টিপু।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক অধ্যাপক মোশাহিদা সুলতানা।

প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ-এর আহ্বায়ক মোজাম্মেল হক, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেন, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক শামীম ইমাম, বিপ্লবী ট্রেড ইউনিয়ন ফেডারেশনের (টাফ) যুগ্ম সাধারণ সম্পাদক আলিফ দেওয়ান, শ্রমজীবী সংঘের সভাপতি আব্দুল আলী, বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের আহ্বায়ক আলমগীর হোসেন দুলাল, বাংলাদেশ কৃষক-ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, বাংলাদেশ আখচাষি ইউনিয়ন জাতীয় কমিটির সভাপতি আনছার আলী দুলাল, বাংলাদেশ কৃষক-মজুর সংহতির কেন্দ্রীয় নেতা সাদিক রেজা, আখচাষি ইউনিয়নের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম, রুবেল বিশ্বাস; কৃষক-ক্ষেতমজুর সমিতির নেতা মোজাম্মেল হোসেন মঞ্জু; সিপিবি গাইবান্ধা জেলা সভাপতি মিহির ঘোষ, কুষ্টিয়া চিনিকলের আখচাষি প্রতিনিধি ফিরোজ কবির, রংপুর চিনিকলের শ্রমিকনেতা রফিকুল ইসলাম, জিল বাংলা চিনিকলের শ্রমিক প্রতিনিধি শেখর রায়, কেরু এন্ড কোং চিনিকলের শ্রমিক প্রতিনিধি আলাউদ্দিন, শ্যামপুর চিনিকলের শ্রমিকনেতা জাহাঙ্গীর আলম, সেতাবগঞ্জ চিনিকলের শ্রমিকনেতা কামরুল আলম, রংপুর চিনিকলের শ্রমিকনেতা আতোয়ারুল ইসলাম নান্নু, কৃষক-ক্ষেতমজুর সমিতি নওগাঁ জেলার নেতা আনিসুর রহমান প্রমুখ।

সভায় বক্তব্য রাখেন শ্রমিক-কৃষক-ক্ষেতমজুর নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও দূর-দূরান্ত থেকে আসা চিনিকলের শ্রমিক ও আখচাষি প্রতিনিধিবৃন্দ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোশাহিদা সুলতানা তাঁর বক্তব্যে বলেন, “সরকার আমদানি নির্ভর অর্থনীতির দিকে যাত্রা করার মাধ্যমে শিল্প ধ্বংস করে চলেছে। ওরা আধুনিকতা বলতে বোঝে ফ্লাইওভার, সেতু, ঝলমলে শপিং মল, পারমাণবিক বিদ্যুৎ প্ল্যান্ট; কিন্তু জাতীয় শ্রমঘন শিল্প পাট ও চিনি শিল্প আধুনিকায়ন করছে না। এতে শ্রমিক-কৃষক জীবিকা হারিয়ে আদিম জীবনে যাচ্ছে। সমস্তই মুষ্টিমেয় ধনীক শ্রেণির স্বার্থে প্রণীত পরিকল্পনা সম্পর্কে জনগণকে আড়াল করারই চক্রান্ত মাত্র।”

নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, “সরকার গত বছর রাষ্ট্রায়ত্ত ৬টি চিনিকল বন্ধ করে সরাসরি প্রায় ১৬ হাজার চিনিকল শ্রমিক, ৫ লাখ আখচাষিসহ প্রায় ৫০ লাখ মানুষের জীবিকা ও অপ্রত্যক্ষভবে যুক্ত লাখ লাখ মানুষের স্বাভাবিক জীবনে অনিশ্চয়তার ঘন অন্ধকার নামিয়ে এনেছে। এর মধ্য দিয়ে এই সরকার যে শ্রমিক-মেহনতি মানুষের নয়, বরং পুঁজিপতিগোষ্ঠী-ব্যবসায়ীগোষ্ঠীর, সেটাই উন্মোচিত হলো। ব্যবসায়ী গোষ্ঠীর পরামর্শে এবং দুর্নীতিকে আড়াল করতেই সরকার একের পর এক রাষ্ট্রায়ত্ত কারখানা ও প্রতিষ্ঠানগুলোকে বেসরকারি কোম্পানির বা দেশি-বিদেশি ব্যক্তিমালিকের হাতে ছেড়ে দিচ্ছে। এর আগে সরকার রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোকেও বন্ধ করেছে। একইভাবে পাটকলের শ্রমিক ও পাটচাষিদের জীবনেরও করুণ দশা।”

নেতৃবৃন্দ আরও বলেন, “এযাবত নানাভাবে আমরা সরকারের কাছে রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো আধুনিকায়ন করে চালুর দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। কিন্তু এখনও সরকার আশানুরূপ কোনো পদক্ষেপ নেয়নি। বরং দেশি-বিদেশি মালিকদের কাছে পিপিপি’র মাধ্যমে চিনিকলগুলোর দায়িত্ব ছেড়ে দিয়ে একপ্রকার বিরাষ্ট্রীয়করণের চক্রান্ত করছে। এর বিরুদ্ধে চিনিকলের শ্রমিক, কর্মচারী, আখচাষি, শিক্ষক-বুদ্ধিজীবী সর্বোপরি সর্বস্তরের দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে।”

পরিশেষে সভাপতি চিনিকল রক্ষার আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান এবং আগামী ৩১ অক্টোবর ২০২১ ঢাকায় বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের সম্মুখে দিনব্যাপী প্রতীকী অবস্থান ধর্মঘট কর্মসূচি ঘোষণার মাধ্যমে প্রতিনিধি সভার সমাপ্তি টানেন।

সভা শেষে নানা দাবি সম্বলিত ফেস্টুন-প্ল্যাকার্ডে সজ্জিত একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন