ডেস্ক রিপোর্ট
১৯ এপ্রিল ২০২১, ১২:০৬ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: রোববার (১৮ এপ্রিল) রাত ১০টায় অন্তর্জালের মাধ্যমে বিদ্যুৎ কর এর ১০ম প্রয়াণ দিবসে এ স্মরণসভার আয়োজন করে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট।
সিলেটের প্রখ্যাত নাট্যজন বিদ্যুৎ কর এর ১০ম প্রয়াণ দিবসে স্মরণসভায় বক্তারা বলেন।
‘সংকটে সংগ্রামে একজন সাহসী নাট্যযোদ্ধা ছিলেন বিদ্যুৎ কর। তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক এবং সাংস্কৃতিক আলোকবর্তিকা। এই সংকটময় সময়ে তাঁর মতো একজন নাট্যযোদ্ধার খুব বেশী প্রয়োজন।’
সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের সঞ্চালনায় বিদ্যুৎ কর এর সংক্ষিপ্ত জীবন পাঠ করেন সংগঠনের সহসভাপতি উজ্জল দাস।
এছাড়াও বিদ্যুৎ কর এর কর্ম ও জীবনী নিয়ে আলোচনা করেন নাট্যজন বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, বিশিষ্ট সংগীত শিল্পী ও সুরকার হিমাংশু বিশ্বাস, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট এর সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন, বিদ্যুৎকরের বোন নাট্যজন মায়া কর, সুরমা থিয়েটার সিলেট এর সংগঠক তাজ আহমদ লিটন, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মুকুল। পুরো অনুষ্ঠানের কারিগরি সহায়তায় ছিলেন যুগ্ম সম্পাদক সুপ্রিয় দেব শান্ত।
১৯৫১ সালে বাবা বেহারী লাল কর এর ঘরে জন্মগ্রহণ করেন বিদ্যুৎ কর। ১৪ বছর বয়সে স্কুলে পড়াকালীন সময়েই প্রথম অভিনয় করেন নাটকে। আর সেসময় থেকেই নাটকে সম্পৃক্ত হওয়া। ১৯৭২ সালে প্রথম রেডিও নাটক রচনা এবং পরবর্তীতে সিলেটের প্রথম আঞ্চলিক ভাষায় রচিত নাটক সুরমা কান্দে। এছাড়াও অনেক জনপ্রিয় মঞ্চনাটক ও রেডিও নাটকের রচয়িতা তিনি।
মূলত তাঁর উদ্যোগেই ১৯৮৪ সালে সিলেট সম্মিলিত নাট্য পরিষদ গঠনকরা হয়। এছাড়াও সিলেটের স্বনামধন্য নাট্য সংগঠন লিটল থিয়েটার তাঁর হাতেই প্রতিষ্ঠিত হয়।