ডেস্ক রিপোর্ট
৩১ আগস্ট ২০২১, ১২:১০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: রাজধানীর কলাবাগানে জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় চার আসামিকে আদালতের এজলাসে হাজির করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে বিচারক মজিবুর রহমানের আদালতে বেলা ১১টা ২৭ মিনিটে আদালতের হাজত খানা থেকে তাদের নিয়ে আসা হয়। কিছুক্ষণের মধ্যে এই চার আসামির উপস্থিতিতে বিচারক রায় পড়া শুরু করবেন।
কারাগার থেকে আদালতে আনা আসামিরা হলেন, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, আরাফাত রহমান, শেখ আব্দুল্লাহ ও আসাদুল্লাহ।
এ মামলায় আরও পলাতক রয়েছেন- মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে জিয়া, আকরাম হোসেন, সাব্বিরুল হক চৌধুরী ও মওলানা জুনায়েদ আহম্মেদ।
এর আগে আজ সকাল ৯টায় কাশেমপুর কেন্দ্রীয় কারাগার থেকে চার আসামিকে আদালতের হাজত খানায় আনা হয়। এরপর ১১টা ২৭ মিনিটে তাদের আদালতে হাজির করে।
এর আগে সোমবার (২৩ আগস্ট) মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ায় ঢাকার সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের আদালত রায়ের জন্য এই তারিখ ধার্য করেন। মামলায় বিভিন্ন সময়ে ২৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।
এর আগে ২০১৯ সালের ১২ মে জিয়াসহ আটজনের বিরুদ্ধে কলাবাগান থানায় দায়ের করা মামলায় আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মুহম্মদ মনিরুল ইসলাম।এরপর ২০২০ সালের ১১ নভেম্বর মামলাটির চার্জগঠন করে বিচারের জন্য আদেশ দেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে ঢুকে জুলহাজ মান্নান ও মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় কলাবাগান থানায় জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান ইমন হত্যা মামলা এবং সংশ্লিষ্ট থানার এসআই মোহাম্মদ শামীম অস্ত্র আইনে মামলা দায়ের করেন।