ডেস্ক রিপোর্ট

২৬ আগস্ট ২০২১, ৯:২০ অপরাহ্ণ

কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৩

আপডেট টাইম : আগস্ট ২৬, ২০২১ ৯:২০ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: পশ্চিমা সৈন্য-নাগরিক ও আফগান সহযোগীদের সরিয়ে নেওয়ার ব্যাপক তোড়জোড়ের মধ্যে আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বিস্ফোরণে শিশুসহ অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া বিস্ফোরণে আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার অন্তত দুই আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটালে হতাহতের এই ঘটনা ঘটে। হোয়াইট হাউস জানিয়েছে, কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের বিষয়টি এরই মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে।

দেশটির ক্ষমতাসীন নতুন শাসকগোষ্ঠী তালেবানের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীর বিস্ফোরণে শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, বিমানবন্দরের অ্যাবে গেটের প্রবেশদ্বারে বিস্ফোরণ ঘটেছে। সন্ত্রাসী হামলার হুমকির কারণে সতর্কতা হিসেবে বন্ধ করে দেওয়া তিনটি গেটের একটি অ্যাবে গেট। দেশ ছাড়তে মরিয়া হাজারো আফগান সেখানে অবস্থান করছেন।

ব্রিটিশ এই সংবাদমাধ্যমের প্রতিনিধি জোনাথন বিয়ালে বলেছেন, কাবুল বিমানবন্দরে প্রথম বিস্ফোরণের পরপর দ্বিতীয় বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পাশাপাশি সেখানে ছোট আগ্নেয়াস্ত্র থেকে গোলাগুলিও হয়েছে। জোড়া এই বিস্ফোরণ বিমানবন্দরের অ্যাবে গেটের কাছের প্রবেশদ্বারে ঘটেছে; যেখানে হাজার হাজার আফগান গত ১২ দিন ধরে অবস্থান করছেন।

আল-জাজিরার সংবাদদাতা শার্লট বেলিস কাবুল থেকে জানিয়েছেন, বিমানবন্দরের বাইরে কারা বিস্ফোরণ ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি। তথাকথিত ইসলামিক স্টেট অফ খোরাসান প্রভিন্স (আইএসকেপি) বিস্ফোরণ ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন