ডেস্ক রিপোর্ট
১৮ আগস্ট ২০২১, ৮:০৭ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক:: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে দেশটির পুরোনো পতাকা সরিয়ে সবখানে তালেবানের পতাকা উত্তোলনের বিরোধিতায় বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এসময় বিক্ষোভে গুলি চালানোর খবর পাওয়া গেছে। এতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
বিক্ষোভে ১২ জনেরও বেশি আহত হয়েছে বলে জানা যায়।
তালেবান সদস্যদের গুলিতে তারা নিহত হন বলে দুই প্রত্যক্ষদর্শী ও এক সাবেক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বুধবার রয়টার্স জানায়, কাবুল থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে জালালাবাদ শহরের একটি চত্বরে স্থানীয় বাসিন্দারা আফগানিস্তানের জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে তালেবানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছে রয়টার্স। তবে, তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
আল জাজিরার চ্যারলেট বেলিস কাবুল থেকে জানান, জালালাবাদ ছাড়াও অন্যান্য প্রদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। স্থানীয়রা বলছেন, জাতীয় পতাকা সরিয়ে তালেবানদের ব্যানার টানানো হচ্ছে, এটা তারা মানতে পারছেন না।