ডেস্ক রিপোর্ট
৩ এপ্রিল ২০২১, ১০:২২ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:: বাসদ (মার্কসবাদী) পাঠচক্র ফোরাম শ্রমিক শ্রেণীর বিপ্লবী দল গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ‘বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন’ (কমিউনিস্ট মুভমেন্ট অব বাংলাদেশ-সিএমবি) নামে আত্মপ্রকাশ করেছে। আজ শনিবার (০৩ এপ্রিল ২০২১) সকাল সাড়ে ১১ টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সংগঠনটি এই ঘোষনা দেয়।
বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্তীর সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমরেড মনজুর আলম মিঠু, দলিলের রহমান দুলাল, অপু দাশ গুপ্ত, সত্যজিৎ বিশ্বাস, সুশান্ত সিনহা সুমন, আমিনুল ইসলামসহ প্রমুখ নেতৃবৃন্দ।
সাংবাদিক সম্মেলনে সূচনা বক্তব্যে কমরেড শুভ্রাংশু চক্রবর্তী বলেন, স্বাধীনতার ৫০ বছরে পুঁজিবাদী নির্মম শাসন শোষনে শ্রমিক কৃষক শোষিত জনগণ বিপর্যস্ত জীবন যাপন করছে। আর ধনীক শ্রেণী শোষন লুন্ঠণ , দুর্নীতি লুটপাটের মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তুলছে। ধনীক শ্রেণীর রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক পৃষ্ঠপোষকতা উগ্র,ধর্মান্ধ, কুপমন্ডুক ,সাম্প্রদায়িক গোষ্ঠীর মাধ্যমে জনগনের মধ্যে বিভেদ, ঘৃণা ও সহিংস মনোভাব তৈরি করছে। দেশে গুম, খুন, নারী-শিশু নির্যাতন ,মাদক ভয়াবহ রূপ গ্রহণ করেছে।
শুভ্রাংশু চক্রবর্তী বলেন, বর্তমান পরিস্থিতিতে ধনীক শ্রেণীর রাজনৈতিক দল ও তার প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিদের মাধ্যমে শ্রমজীবী মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠা ও শ্রমদাসত্ব থেকে মুক্তি সম্ভব নয়। তাই বাংলাদেশের মাটিতে সর্বহারা শ্রেণীর একটা প্রকৃত বিপ্লবী দল গড়ে তোলা এবং তার নেতৃত্বে শোষনমুক্ত সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম পরিচিলনা করার লক্ষ্যে ‘বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন ‘ নামে শ্রমিক শ্রেণীর দল গঠন প্রক্রিয়ার ঘোষণা করা হয়।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ থেকে বেরিয়ে মুবিনুল হায়দার চৌধুরীর নেতৃত্বাধীন বাসদ (মার্কসবাদী) দলটি প্রতিষ্ঠা হয় ২০১৩ সালে। ওই সংগঠনে কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন শুভাংশু। গত বছর ভেঙনের মুখে পড়ে বাসদ, বহিষ্কার করা হয় শুভাংশুসহ ১৬ নেতাকে।
শনিবারের সংবাদ সম্মেলন শুভাংশ চক্রবর্তীকে সমন্বয়ক করে সিএমবির ৩৭ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের কথা ঘোষণা করা হয়।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণে সারাপৃথিবীর নিপীড়িত শোষিত জনগণের জীবন জীবীকা ভয়াবহ বিপর্যয়ে পড়েছে অন্যদিকে পুঁজিপতিগোষ্ঠী রেকর্ড পরিমান মুনাফা করে চলছে। বাংলাদেশে শ্রমিক শ্রেনীর দল গড়ে তোলার অতীত রাজনীতির নির্মোহ মূল্যায়ন ও অতীতের পেটিবুর্জোয়া রাজনীতির সাথে ছেদ ঘটিয়ে শ্রমিক শ্রেণীর দলের পরিপূর্ন শর্ত পুরনের আগ পর্যন্ত এটি একটি দল গঠন প্রক্রিয়া হিসেব থাকবে।
নেতৃবৃন্দ অবিলম্বে নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, কেন্দ্রীয় ফোরামের সদস্য ও শ্রমিক নেতা রুহুল আমিনের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
নেতৃবৃন্দ “বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন ” এর নেতৃত্বে সর্বস্তরের শোষিত জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।