ডেস্ক রিপোর্ট
২৭ জুলাই ২০২১, ৮:১৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: জিন্স প্যান্ট পরার কারণে ১৭ বছরের এক কিশোরীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার দাদা-দাদি ও চাচার বিরুদ্ধে। তার মৃতদেহ একটি সেতুতে রশি দিয়ে ঝুঁলিয়ে রাখেন তারা। এমন ঘটনা ভারতের উত্তর প্রদেশে। মামলা দায়ের করেছেন ওই কিশোরীর মা শকুন্তলা দেবী। জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
উত্তর প্রদেশে এমন ঘটনায় হতবাক সাধারণ মানুষ। নেহা পাসোয়ান নামের ওই কিশোরীর মা জানান, জিন্সের প্যান্ট পরায় এ নিয়ে দেওরিয়া জেলার সাবরেজি খার্গ গ্রামের বাড়িতে দাদা ও চাচাদের সঙ্গে কথা কাটাকাটি হয় নেহার। তার পোশাক নিয়ে আপত্তি তোলেন দাদা দাদি। তাকে পিটিয়ে গুরুতর আহত করেন তারা। পরে হাসপাতালে নেওয়ার কথা বলে মেরে সেতুতে ঝুলিয়ে রাখেন অভিযুক্তরা।
এ ঘটনায় হত্যা ও প্রমাণ ধ্বংসের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এদের মধ্যে দাদা-দাদিসহ তার বেশ কয়েকজন আত্মীয় রয়েছেন। চারজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্ত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলে জানায় পুলিশ।