ডেস্ক রিপোর্ট

২৫ অক্টোবর ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ণ

ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন ও লাইসেন্স এর দাবিতে স্মারকলিপি পেশ

আপডেট টাইম : অক্টোবর ২৫, ২০২৪ ১২:৫৮ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: থ্রী-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২৪ চুড়ান্ত করে গেজেট প্রকাশ এবং নীতিমালার আলোকে আধুনিকায়ন করে ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট প্রদান এবং সড়ক মহাসড়কে স্বল্প গতির ও লোকাল যানবাহনের জন্য সার্ভিস রোড/বাইলেন নির্মাণসহ ৭ দফা দাবিতে আজ ২৪ অক্টোবর সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পরিষদ এর আহ্বায়ক খালেকুজ্জামান লিপন।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদ এর কেন্দ্রীয় নেতা আবু নাঈম খান বিপ্লব, রাহাত আহমেদ, এস এম কাদির, ঢাকা মহানগর শাখার উপদেষ্টা আফজাল হোসেন, শাখার যুগ্ম সাধারণ সম্পাদক দাউদ আলী মামুন, অর্থ সম্পাদক রোখশানা আফরোজ আশা, নারায়ণগঞ্জ মহানগর শাখার নেতা হাসনাত কবির।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, রিকশা চালানো কত অমানবিক পরিশ্রমের কাজ।

আমদানিকৃত ইজিবাইক দিয়ে ব্যাটারিচালিত যানবাহনের শুরু হলেও চালকদের পরিশ্রম লাঘব করা, যাত্রীদের স্বাচ্ছন্দ্য আর খরচ কমানোর কথা বিবেচনা করে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে রিক্সায় ব্যাটারি স্থাপন করা শুরু হয়। প্রথমদিকে নির্মাণজনিত কিছুটা দুর্বলতা থাকলেও ইতিমধ্যে তার অনেকাংশই দূর করে আধুনিকায়ন করা সম্ভব হয়েছে। ফলে দ্রুত এই বাহন যেমন জনপ্রিয়তা অর্জন করেছে তেমনি ছড়িয়ে পড়েছে সারা দেশে। এই সব বাহন ব্যবহার সহজ,সস্তা এবং শহরের ছোট রাস্তায় চলতে পারে বলে স্বল্প আয়ের মানুষের দৈনন্দিন কাজে এক অপরিহার্য বাহন হয়ে দাড়িয়েছে।

নেতৃবৃন্দ আরোও বলেন, সারা দেশে প্রায় ৫০ লাখ চালক পরিবার এইসব ব্যাটারি চালিত থ্রি হুইলার ও সমজাতীয় যানবাহনের উপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল। এইসব যানবাহন তৈরি, মেরামত, খুচরা যন্ত্রাংশ নির্মাণ, বিক্রি, চার্জিং সহ নানা ধরনের কাজে অসংখ্য মানুষের জীবন ও জীবিকা নির্ভরশীল। দেশের সকল জেলা ও বিভাগে নগর পরিবহণ নেই ফলে কোটি কোটি মানুষ ব্যাটারি চালিত যানবাহন ব্যবহার করে থাকে। এই খাত যেমন বিপুল কর্মসংস্থানের ব্যবস্থা করেছে তেমনি দেশের অর্থনীতিতেও প্রায় ৩ লাখ কোটি টাকার অবদান রাখছে। যা মোট জিডিপির প্রায় ১২ ভাগ। এর সাথে ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন ও চালকদের লাইসেন্স প্রদান করলে সরকারে রাজস্বেও বাড়তি টাকা যুক্ত হবে।এই বাহন পরিবেশ বান্ধব এবং বায়ু ও শব্দ দূষণ করে না।বিদ্যুৎ ব্যবহারের কারণে এদের বিরুদ্ধে বিদ্যুৎ চুরি এবং অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ করা হয়। অথচ এইসব বাহন বিদ্যুৎ সাশ্রয়ী, চালকেরা বিদ্যুৎ চুরি করে না বরং বর্ধিত দামে (প্রায় ২৫ টাকা ইউনিট) বিদ্যুৎ কিনে থাকে। তাই কর্মসংস্থান, জীবিকা, যাতায়াত এবং দেশের অর্থনীতির বিকাশের কথা বিবেচনা করলে এই খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নেতৃবৃন্দ আরোও বলেন, সংগ্রাম পরিষদ দীর্ঘ ১২ বছর নীতিমালা তৈরি করে ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স, প্রতিটি সড়ক মহাসড়কে ইজিবাইক, রিকশাসহ স্বল্পগতির ও লোকাল যানবাহনের জন্য বাই লেন বা সার্ভিস রোড নির্মাণ ও সড়কে অবৈধ চাঁদাবাজি বন্ধসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে। আন্দোলনের চাপে খসড়া “থ্রী-হুইলার ও সমজাতীয় মোটরযান সুষ্ঠু ব্যবস্থনা নিয়ন্ত্রন নীতিমালা-২০২৪” হলেও এখনও তা চুড়ান্ত হয়নি। মহামান্য সুপ্রিম কোর্টের ৪ এপ্রিল ও ২৫ এপ্রিলের রায়ে মহাসড়ক ব্যাতীত সর্বত্র চলাচলে বাধা নেই বলে আদেশ প্রদান করেছেন। কিন্তু নানা অজুহাতে ব্যাটারিচালিত যানবাহনে চলাচলে নানা বিধি নিষেধ ও অবৈধ চাঁদাবাজি, রেকারিং চলছে।

নেতৃবৃন্দ সড়কে নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা, অবৈধ চাঁদাবাজি বন্ধ ও রাজস্ব খাতে আয় বৃদ্ধিতে দ্রুত ব্যাটারিচালিত যানবাহনের জন্য থ্রি- হুইলার ও সমজাতীয় মোটরযান নীতিমালা-২০২৪ চুড়ান্ত ও দ্রুত গেজেট প্রকাশ, তার আলোকে কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যাটারিচালিত যানবাহনের আধুনিকায়ন, ব্যাটারি রিক্সা ও ইজিবাইকের নিবন্ধন, লাইসেন্স ও রুট পারমিট প্রদান, চালকদের প্রশিক্ষণ এবং প্রতিটি সড়ক মহাসড়কে স্বল্প গতির যানবাহনের জন্য বাই লেন/সার্ভিস রোড নির্মাণসহ সংগ্রাম পরিষদ ঘোষিত ৮ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি মিছিল জাতীয় প্রেসক্লাব, তোপখানা রোড হয়ে সচিবালয়ে মুখে শেষ হয়। সেখান থেকে আবু নাঈম খান বিপ্লব, রাহাত আহামেদ ও রোখশানা আফরোজ আশার নেতৃত্বে ৩ সদস্যের একটি টিম সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টার একান্ত সচিব এর নিকট সংগ্রাম পরিষদ এর ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।

শেয়ার করুন