ডেস্ক রিপোর্ট

১ সেপ্টেম্বর ২০২৪, ১২:২২ পূর্বাহ্ণ

রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে বামপন্থী দলকে আমন্ত্রণ না জানানোতে বাসদ (মার্কসবাদী)র বিস্ময়

আপডেট টাইম : সেপ্টেম্বর ১, ২০২৪ ১২:২২ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: ‘বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)’-এর কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা এক বিবৃতিতে বলেন, “ছাত্র- জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই আন্দোলনে আমাদের দলসহ সমস্ত বামপন্থী দল ও বামপন্থী ছাত্রসংগঠনগুলো উল্লেখযোগ্য ও প্রত্যক্ষ ভূমিকা রেখেছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টা দেশের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন। এটা খুবই স্বাভাবিক ও প্রত্যাশিত বিষয়। কিন্তু আমরা বিস্মিত হয়ে লক্ষ্য করলাম, দুই ধাপে এই বৈঠক সংঘটিত হলেও আমাদের দলসহ অনেকগুলো ক্রিয়াশীল বামপন্থী দলকে তারা বৈঠকে আমন্ত্রণ জানাননি।

আমরা মনে করি, এ ধরনের সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের নতুন বাংলাদেশ গড়ে তোলার গণতান্ত্রিক চেতনাকেই প্রশ্নবিদ্ধ করে। যে দলগুলোকে ডাকা হয়নি, দীর্ঘ লড়াইয়ে তাদের ভূমিকা অনস্বীকার্য। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, স্বৈরাচারী এরশাদবিরোধী আন্দোলনসহ সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে বামপস্থীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আমরা আশা করেছিলাম এই সরকারের অন্তত এতটুকু জায়গা থাকবে যে, তারা ক্রিয়াশীল সমস্ত রাজনৈতিক দলকে ডেকে আলোচনা চালাবেন।

এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা, এত শহীদের প্রাণের বিনিময়ে বাংলাদেশে গণতান্ত্রিক চেতনা গড়ে তোলার যে বাস্তবতা তৈরি হয়েছে তা এগিয়ে নিয়ে যেতে আগামী দিনে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করে ভবিষ্যত রোডম্যাপ প্রস্তুত করবেন।

শেয়ার করুন