ডেস্ক রিপোর্ট
২৭ জুলাই ২০২৪, ১১:০৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: মায়াকান্না দিয়ে সন্তানহারা মায়ের কান্না আড়াল করার চেষ্টা না করে অবিলম্বে ছাত্রদের সকল দাবী মেনে নেয়া, স্বৈরাচারী সরকারের পদত্যাগ, ছাত্র জনতা হত্যার বিচার, কারফিউ তুলে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া, যৌক্তিক অনুপাতে নারী কোটা বহাল রাখার দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারী সেল ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর উদ্যোগে আজ ২৭ জুলাই’২৪ দুপুর ১২ টায়, পল্টন মোড়ে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কমিউনিস্ট পার্টি নারী সেলের সদস্য এডভোকেট মাকসুদা আক্তার লাইলি। বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি নারী সেলের সদস্য লুনা নূর, জলি তালুকদার, লাকী আক্তার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রুখশানা আফরোজ আশা, ঢাকা নগর কমিটির সাংস্কৃতিক সম্পাদক সুস্মিতা মরিয়ম। সমাবেশ পরিচালনা করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ঢাকা নগরের সদস্য মুক্তা বাড়ৈ।
সমাবেশে বক্তারা বলেন, দেশে স্মরণকালের জঘন্য হত্যাকান্ড সংগঠিত হয়েছে। এখনো পর্যন্ত হত্যাকান্ডের সঠিক তথ্য পাওয়া যায় নি। এতো মানুষের রক্তের উপর দাঁড়িয়ে এ সরকারের ক্ষমতায় থাকার কোন নৈতিক অধিকার থাকে না। তাই অবিলম্বে সরকারের পদত্যাগ করা উচিত। একদিকে ছাত্র জনতার উপর নৃশংস গুলি অন্যদিকে কারফিউ, সেনাবাহিনী মোতায়েন এবং ইন্টারনেট বন্ধ করে সকলকে বিচ্ছিন্ন করে দিয়ে আন্দোলন দমানোর ঘৃণ্য প্রচেষ্টা বুঝিয়ে দিয়েছে সরকারের দিন শেষ। নেতৃবৃন্দ নাহিদসহ ছঅত্র আন্দোলনের ৩ সমš^য়ককে হাসপাতাল থেকে গ্রেফতারসহ অনেককে গুম করার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন।
নেতৃবৃন্দ আরো বলেন, কোটা রাখাই হয় অনগ্রসর জনগোষ্ঠীকে সামনে নিয়ে আসার প্রয়োজনে। নারীদের সামাজিক অধস্তন অবস্থা বজায় রেখে কোটা বাতিল কোন যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে না। সরকার কোন পক্ষের সাথে আলোচনা বা কোন জরিপ ছাড়া যে সিদ্ধান্ত নিয়েছে তা ভবিষ্যতে নতুন সংকটের জন্ম দেবে।
নেতৃবৃন্দ অবিলম্বে ছাত্রদের সকল দাবি মেনে নিয়ে যৌক্তিক ভাবে নারী কোটা বহাল রাখার দাবি জানান।