ডেস্ক রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৪, ৮:০৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময়েও ঠিকমতো হাঁটতে পারছিলেন না মাশরাফি বিন মুর্তজা। এরপর একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নির্বাচনের পর হাঁটুর অপারেশন করাবেন বলেও জানিয়েছিলেন। এই অবস্থাতেও শুরু থেকে তাকে খেলানোর ব্যাপারে আশাবাদী ছিল সিলেট স্ট্রাইকার্স। শেষ পর্যন্ত তাকেই ফ্র্যাঞ্চাইজিটি অধিনায়ক ঘোষণা করে। মাশরাফির নেতৃত্বেই বিপিএলের দশম আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে সিলেট। টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে চট্টগ্রাম।
অনেকটা সাদামাটা আয়োজনে আজ (শুক্রবার) থেকে বিপিএলের নতুন আসর শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে শুভসূচনা করেছে দুর্দান্ত ঢাকা। দিনের দ্বিতীয় ম্যাচে মাশরাফির সিলেট ও শুভাগত হোমের চট্টগ্রামও ইতিবাচক লক্ষ্য নিয়ে মাঠে নামছে।
সিলেট স্ট্রাইকার্স: মাশরাফি বিন মর্তুজা ( অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, জাকির হাসান, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী চৌধুরী, নাজমুল ইসলাম অপু, রিচার্ড এনগারাভা, বেনি হাওয়েল, বেন কাটিং ও হ্যারি টেক্টর।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: শুভাগত হোম (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, আল-আমিন হোসেন, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, ইমরানুজ্জামান, শাহাদাত হোসেন দিপু, আভিষ্কা ফার্নান্দো, নাজিবউল্লাহ জাদরান, বিলাল খান ও কার্টিস ক্যাম্ফার।