ডেস্ক রিপোর্ট

৭ জানুয়ারি ২০২৪, ৪:৫৭ অপরাহ্ণ

বাঁশখালীতে আ.লীগ প্রার্থী মোস্তাফিজুরের প্রার্থিতা বাতিল

আপডেট টাইম : জানুয়ারি ৭, ২০২৪ ৪:৫৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। রোববার বিকেলে এ সিদ্ধান্তের কথা জানায় নির্বাচন কমিশন।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ, তিনি পুলিশের এক কর্মকর্তাকে আজ ধমক দিয়েছেন। তার ধমক দেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, চট্টগ্রামের বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদকে ধমকাচ্ছেন তিনি।

একাধিক সূত্রে জানা যায়, নিজের অনুসারীকে আটক করায় বাঁশখালী থানায় ওসির কার্যালয়ে গিয়ে এই ঘটনা ঘটান মোস্তাফিজুর।

ইসি সচিব জাহাঙ্গীর আলম জানান, একাধিকবার আচরণবিধি লঙ্ঘন করেছেন চট্টগ্রাম-১৬ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান। নির্বাচনের দিন তিনি পুলিশ কর্মকর্তাকে হুমকি দিয়েছেন। এটিসহ একাধিক কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে সাংবাদিককে মারধরসহ আরও কিছু ঘটনা ঘটিয়েছেন নোৗকার প্রার্থী মোস্তাফিজুর রহমান। যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে।

চট্টগ্রামের সব আসনে (১৬টি) এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১২৫ প্রার্থী। জেলায় মোট ভোটার রয়েছেন ৬৩ লাখ ১৪ হাজার ৩৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩২ লাখ ৮৯ হাজার ৫৯০ জন। নারী ভোটার রয়েছেন ৩০ লাখ ২৪ হাজার ৭৪৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫৪ জন।

চট্টগ্রামের সব আসন মিলিয়ে মোট ভোটকেন্দ্র ২ হাজার ২৩টি এবং ভোটকক্ষ ১৩ হাজার ৭৩২টি। প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন ৪৩ হাজার ২১৯ জন। ১০ শতাংশ অতিরিক্তসহ ভোটগ্রহণের দায়িত্বে আছেন মোট ৪৭ হাজার ৫৪৪ জন।

শেয়ার করুন