ডেস্ক রিপোর্ট
২৩ আগস্ট ২০২৩, ১১:৩৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: বেতন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে মিছিল করার সময় রংপুর সিটি করপোরেশনের হরিজন ও পরিচ্ছন্নতা কর্মীদের উপর সংঘটিত ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
আজ সংবাদপত্রে প্রকাশের জন্য প্রেরিত এক যুক্ত বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) সুস্মিতা মরিয়ম বলেন, ❝ রংপুর সিটি করপোরেশনে কর্মরত হরিজন ও পরিচ্ছন্নতা কর্মীরা তিন মাস ধরে তাদের বেতন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন। এই পরিচ্ছন্নতা কর্মীদের মাসিক বেতন মাত্র ২ হাজার ৪শ ৫০ টাকা। যা বর্তমান সময়ে শুধু অন্যায্য নয়, অমানবিকও বটে। সোমবার ১১ দফা দাবিতে মানববন্ধন-সমাবেশ শেষ পরিচ্ছন্নতা কর্মীরা সিটি কর্পোরেশন কার্যালয়ে আসলে মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার মদদে একদল সন্ত্রাসী হামলা চালায়। যৌক্তিক আন্দোলনে এধরণের হামলার ঘটনা অন্যায়, জবরদস্তির চরম বহিঃপ্রকাশ। ❞
নেতৃবৃন্দ অনতিবিলম্বে পরিচ্ছন্নতা কর্মীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের আহবান জানিয়েছেন এবং হরিজন ও পরিচ্ছন্নতা কর্মীদের চলমান আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছেন।