ডেস্ক রিপোর্ট

১২ জুন ২০২৩, ১১:৪৩ অপরাহ্ণ

আসছে বিসিবি টিভি, বাড়ছে নারী ক্রিকেটারদের বেতন

আপডেট টাইম : জুন ১২, ২০২৩ ১১:৪৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক : সর্বশেষ ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের খেলা দেশি কোনো টিভি চ্যানেল সরাসরি দেখায়নি। তিন ম্যাচের সেই ওয়ানডে সিরিজ বাংলাদেশের কোনো চ্যানেলে না দেখানোর পর থেকেই শুরু হয় এটা নিয়ে আলোচনা।

সেই সমস্যার সমাধানে এবার এগিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবার নিজেদের বোর্ড মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, নিজেদের নামে টিভি চ্যানেলের জন্য আবেদন করবে বোর্ড।

পাপন বলেন, ‘খেলা দেখা নিয়ে সমস্যা হচ্ছে। ডিপিএলের সময় কেউ পার্টিসিপেট করে না। শ্রীলঙ্কা, ইউএইর খেলা দেখায় আমাদেরটা দেখাতে আগ্রহী হয় না। আমরা বিসিবি টিভির জন্য আবেদন করবো। ইনশাআল্লাহ আমরা পেয়ে যাবো। পেয়ে গেলে আর খেলা দেখার জন্য অপেক্ষা করতে হবে না।’

নারী ক্রিকেটারদের বেতন এত দিন সর্বনিম্ন মাসে ২৫ হাজার ও সর্বোচ্চ ৮০ হাজার টাকা ছিল। গতকালের সভায় তা বাড়িয়ে সর্বনিম্ন বেতন মাসে ৫০ হাজার ও সর্বোচ্চ বেতন ১ লাখ টাকা করা হয়েছে। পুরুষ জাতীয় দলের ক্রিকেটাররা অবশ্য সে তুলনায় অনেক বেশি বেতন পান। বিভিন্ন শ্রেণিভেদে সেটা বর্তমানে মাসে সর্বনিম্ন ১ লাখ ৫০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় সাড়ে ৯ লাখ টাকা। নারী ক্রিকেটে বর্তমানে ২৫ জন চুক্তিবদ্ধ ক্রিকেটার আছেন।

বেতনের সঙ্গে ম্যাচ ফিও বাড়ানো হয়েছে নারী ক্রিকেটারদের। ম্যাচ ফি বেড়েছে ‘এ’ দলের চার দিনের ম্যাচের এবং বেতন বেড়েছে প্রথম শ্রেণির ক্রিকেটারদেরও। ‘এ’ দলের চার দিনের ম্যাচে আগে ম্যাচ ফি ছিল ৫০ হাজার টাকারও নিচে। এখন সেটা হবে ১ লাখ ৫০ হাজার টাকা।

শেয়ার করুন