ডেস্ক রিপোর্ট

২৯ মার্চ ২০২৩, ৯:২৪ অপরাহ্ণ

সাংবাদিক শামসুজ্জামানকে তুলে নেয়ার ঘটনায় বাসদ (মার্কসবাদী)র নিন্দা

আপডেট টাইম : মার্চ ২৯, ২০২৩ ৯:২৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা আজ সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে সিআইডি পরিচয়ে বাসা থেকে তুলে নেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি বলেন, “স্বাধীনতা দিবসে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন নিয়ে সরকারদলীয় সাংবাদিক ও বুদ্ধিজীবীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে এই প্রচার দিতে থাকেন যে, রিপোর্টটি মিথ্যা এবং সরকারবিরোধী ষড়যন্ত্র। মন্ত্রীসভার সাপ্তাহিক বৈঠকে প্রধানমন্ত্রী স্পর্শকাতর বিষয় নিয়ে সতর্ক হয়ে সংবাদ পরিবেশন করার ব্যাপারে পরামর্শ দেন এবং সেটি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিলেন। তার পরপরই আমরা দেখলাম যে, প্রথম আলো পত্রিকার সেই সাংবাদিককে রাতের অঁাধারে ঘর থেকে সিআইডি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হলো। স্থানীয় থানার পুলিশ কর্মকর্তাও তাদের সাথে ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন সে সময় তাদের সাথে ছিলেন এবং তিনি সংবাদমাধ্যমে বলেছেন যে, পুলিশই তাকে সাথে নিয়ে সাংবাদিক শামসুজ্জামানের বাসায় গিয়েছিল। অথচ পুলিশ প্রশাসন ও সিআইডি উভয় দপ্তরই শামসুজ্জামানের গ্রেফতার অস্বীকার করেছে। ফলে শামসুজ্জামান বর্তমানে নিখেঁাজ। অর্থাৎ তাঁকে গুম করা হয়েছে।

সরকারের দমন—নির্যাতন মাত্রা ছাড়িয়েছে। পত্রিকায় প্রকাশিত রিপোর্টও সরকারের গায়ে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। পত্রিকায় প্রকাশিত কোন রিপোর্ট মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত হলে প্রেস কাউন্সিলে অভিযোগের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণের নিয়ম আছে। সেটা না করে যেভাবে একজন সাংবাদিককে বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো তা গভীর উদ্বেগের ব্যাপার। সরকার সংবাদপত্রের কণ্ঠরোধ করছে, সাধারণ মানুষের সামান্যতম প্রতিবাদকেও ভয়ের চোখে দেখছে। পুলিশ ছাড়া বর্তমান আওয়ামী লীগ সরকারের পেছনে এখন আর কেউ নেই।”

কমরেড মাসুদ রানা অবিলম্বে সাংবাদিক শামসুজ্জামানকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জোর দাবি জানান। একইসাথে সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ায় বাধাহীনভাবে সংবাদ পরিবেশনের অধিকার হরণ করার চক্রান্ত রুখে দাঁড়ানোর আহবান জানান।

শেয়ার করুন