ডেস্ক রিপোর্ট
২০ মার্চ ২০২৩, ৯:৪৮ অপরাহ্ণ
ময়মনসিংহ প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ময়মনসিংহে ধারাবাহিক স্বাক্ষর সংগ্রহ করছে বাসদ (মার্কসবাদী) ময়মনসিংহ জেলা শাখা। ২০ মার্চ দিনব্যাপী মেছুয়া বাজার ও তাজমহল মোড়ে পথসভা ও স্বাক্ষর সংগ্রহ করা হয়।
অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন দল নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন, নির্বাচন কমিশন পুর্নগঠনসহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা চালু করা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি রোধ, সর্বজনীন রেশনিং চালুর দাবিতে দেশব্যাপী স্বাক্ষর সংগ্রহ কর্মসূচী চলছে।
তাজমহল মোড় ও মেছুয়া বাজারে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক শেখর রায়, জেলা কমিটির সদস্য অজিত দাস, আরিফুল হাসান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আনন্দ মোহন কলেজ শাখার আহবায়ক জুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক রাকিবুল রোমান, বাকৃবি শাখার গ্রন্থাগার সম্পাদক অর্ণব দাস প্রমুখ।
বক্তারা আওয়ামিলীগ সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে জনগণের প্রতি আহবান জানান। এসময় স্বাক্ষর সংগ্রহ কর্মসূচীতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বাক্ষর দিয়ে ৫ দফা দাবির প্রতি সমর্থন ব্যক্ত করে।