ডেস্ক রিপোর্ট
২ মার্চ ২০২৩, ৭:০১ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধি: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ভাড়ার বিনিময়ে বরাদ্ধ দেয়ার তৎপরতার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, সিলেট জেলা।
আজ বৃহস্পতিবার, ০২ মার্চ এক বিবৃতিতে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সমন্বয়ক কমরেড সুশান্ত সিনহা সুমন বলেন মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগ স্মরণ এবং শ্রদ্ধা নিবেদনের জন্য নির্মিত, ৫২ এবং ৭১ এর চেতনার ধারক সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সিলেটের গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কর্মসূচি চর্চা ও বিকাশের অনন্য প্রতিষ্ঠান যার সাথে সিলেটের মানুষের গভীর আবেগ ও শ্রদ্ধার সম্পর্ক।
সিলেটের সকল গনতান্ত্রিক আন্দোলন, মৌলবাদ বিরোধী আন্দোলন, সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনের সূতিকাগার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার। প্রতিষ্ঠার পর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসমূহের কর্মকাণ্ড বিনামূল্যে পরিচালিত হয়ে আসছে। কিন্তু সাম্প্রতিক সময়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার অর্থের বিনিময়ে বরাদ্ধ দেওয়ার বিষয়টি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। আমরা মনে করি অর্থের বিনিময়ে শহীদ মিনার বরাদ্ধ দেওয়ার চিন্তা উদ্ভট, রাজনৈতিক দেউলিয়াত্ব, গণতান্ত্রিক রাজনৈতিক -সাংস্কৃতিক কর্মকাণ্ড সংকুচিত করার স্বৈরতান্ত্রিক মানসিকতার পরিচায়ক ও শহীদ মিনারের চেতনা পরিপন্থী।
তিনি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার অর্থের বিনিময়ে বরাদ্ধ দেওয়ার চক্রান্ত প্রতিহতের জন্য সিলেটের সকল গণতান্ত্রিক রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ শুভবুদ্ধি সম্পন্ন মানুষের প্রতি আহ্বান জানান।