ডেস্ক রিপোর্ট
২ মার্চ ২০২৩, ৯:৩৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, মূল্যবৃদ্ধির পরও অনেক দেশের চেয়ে বাংলাদেশে বিদ্যুতের মূল্য কম।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। দেশে মূল্যস্ফীতি ও বিদ্যুতের মূল্য ৫ শতাংশ বৃদ্ধি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সাম্প্রতিক সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
বিশ্বের অন্যান্য দেশের কথা উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘বিদ্যুতের মূল্যবৃদ্ধি যুক্তরাজ্যে অনেক আগেই ১০০ শতাংশ ছাড়িয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতেও এই মূল্যবৃদ্ধি ২০ থেকে ১০০ শতাংশ। যেমন জার্মানিতে ২১ শতাংশ আবার বেলজিয়ামে ৯৫ শতাংশ। সেই তুলনায় আমাদের দেশে বিদ্যুতের মূল্যবৃদ্ধি অনেক কম। সাম্প্রতিক সময়ে ৫ শতাংশ হারে দুবার বাড়ানো হয়েছে।’
বিভিন্ন দেশের বিদ্যুতের দামের তুলনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিদ্যুতের ইউনিট মূল্য বাংলাদেশে ৭ টাকা ৩২ পয়সা; ভারতের দিল্লিতে ১১ টাকা ১৫ পয়সা, মহারাষ্ট্রে ১১ টাকা ৩৩ পয়সা, পাঞ্জাবে ৮ টাকা ৬৩ পয়সা। যুক্তরাষ্ট্রে ১৮ টাকা ৩১ পয়সা; জার্মানিতে ৪১ টাকা ৯৩ পয়সা; বেলজিয়ামে ৪৬ টাকা ৪৬ পয়সা ও জাপানে ২৫ টাকা ৭৪ পয়সা। অন্য দেশের কথা বাদ দিলাম, ভারতের তুলনায়ও আমাদের বিদ্যুতের মূল্য কম।’
হাছান মাহমুদ বলেন, ‘আজকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র পৃথিবীতে মূল্যস্ফীতি ঘটেছে। ২৭টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়নে মূল্যস্ফীতি ১০ শতাংশের বেশি, কোনো কোনো দেশে সেটি ২০-২২ শতাংশ ছাড়িয়েছে। যুক্তরাজ্যে সার্বিক মূল্যস্ফীতি অনেক আগেই ১০ শতাংশ ছাড়িয়েছে। রাশিয়াতে ১১ দশমিক ৮ শতাংশ, তুরস্কে ৮০ শতাংশ পর্যন্ত গিয়েছিল, বর্তমানে সেটি প্রায় ৬০ শতাংশ। পাকিস্তানে ৩২ শতাংশ আর আমাদের দেশে মূল্যস্ফীতি হচ্ছে সাড়ে ৮ শতাংশ। অর্থাৎ বিশ্বের অনেক উন্নত দেশ এবং আশেপাশের দেশের তুলনায়ও আমাদের দেশে মূল্যস্ফীতি কম।’
বিরোধী দল পৃথিবীর মানচিত্রের এই তথ্যগুলো মানুষের সামনে আড়াল করে এবং মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালায়, এমনকি বিদ্যুতের মূল্যবৃদ্ধির সঙ্গে দুর্নীতিকে যুক্ত করার চেষ্টা করে বলে দাবি করেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।