ডেস্ক রিপোর্ট
৭ জানুয়ারি ২০২৩, ১১:৫৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই দিতে না পারার ব্যর্থতার দায় নিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনিকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে গণসংহতি আন্দোলনের ছাত্রসংগঠন ছাত্র ফেডারেশন। একইসঙ্গে ভুলে ভরা পাঠ্যবই প্রত্যাহার করে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই সরবরাহ, কাগজ ও শিক্ষা উপকরণের দাম কমানো, মেট্রোরেলের ভাড়া কমানো এবং মেট্রোরেলে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া করার দাবি করেছেন সংগঠনটির নেতারা।
আজ শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশ থেকে এসব দাবি জানান ছাত্র ফেডারেশনের নেতারা। সংগঠনের কেন্দ্রীয় এই কর্মসূচিতে অন্য ছাত্রসংগঠনের নেতারাও বক্তব্য দেন। সমাবেশ শেষে মিছিল বের করে ছাত্র ফেডারেশন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়।
ছাত্র ফেডারেশনের সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান। তিনি বলেন, ‘বর্তমান সরকার তাদের কাছের লোকদের বিপুল পরিমাণ অর্থ পাচারের সুযোগ দিয়ে দেশের অর্থনীতিকে সংকটের মুখে ফেলেছে। এর সব দায় তারা চাপাচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ওপর। আমরা বলতে চাই, বর্তমান সরকারের চুরি-দুর্নীতিই আমাদের এই অর্থনৈতিক সংকটের মুখে ফেলেছে। নতুন বছরে বই উৎসব করে শিক্ষার্থীদের মধ্যে নিম্নমানের ভুলে ভরা বই সরবরাহ করেছে সরকার। বই উৎসবে এনে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে দ্বিতীয় শ্রেণির বই। আমাদের শিক্ষামন্ত্রী প্রকাশ্যে বলছেন, উন্নত মানের কাগজে (সাদা কাগজে) বই পড়লে নাকি শিক্ষার্থীদের চোখে সমস্যা হয়! আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই। শিক্ষার্থীদের হাতে যথাসময়ে মানসম্মত বই তুলে দিতে না পারার ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত।’
কাগজ ও শিক্ষা উপকরণের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে দাবি করে মশিউর রহমান খান আরও বলেন, আন্তর্জাতিক বাজারের চেয়ে বেশি দামে দেশে কাগজ বিক্রি হচ্ছে। শিক্ষার্থীদের খরচ বেড়েছে। কাগজের দাম বাড়ায় প্রকাশনা সংস্থাগুলোও পড়েছে সংকটে। এই মুহূর্তে কাগজের দাম কমানোর জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
মেট্রোরেলের ভাড়া প্রসঙ্গে এই নেতা বলেন, ‘সরকার মহাসমারোহে মেট্রোরেলের একাংশ উদ্বোধন করেছে। কিন্তু মেট্রোরেলে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ব্যবস্থা করেনি। আমরা মেট্রেরেলে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকর করার দাবি জানাই। ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীরা প্রতিনিয়ত গণরুম-গেস্টরুমে নির্যাতনের শিকার হচ্ছে। আমরা শিক্ষার্থীদের জন্য ভয়মুক্ত নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আগামীতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।’
ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ছাত্রলীগের (জেএসডি) সহসভাপতি গোলাম ফারুক, ভাসানী ছাত্র পরিষদের প্রধান সমন্বয়ক শাকিল আহমেদ, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ইলিয়াস জামান, ফারহানা মুনা, ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক হাসান আল মেহেদী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক প্রমুখ বক্তব্য দেন।