ডেস্ক রিপোর্ট
২ ডিসেম্বর ২০২২, ১২:৩৫ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: রাজধানীর রামপুরার বনশ্রী এলাকা থেকে জঙ্গিবাদে প্ররোচনার অভিযোগে আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষায়িত অ্যান্টিটেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আবুল কাশেম আলফি (৬২)। তাঁর কাছ থেকে একটি মুঠোফোন ও ৩৭টি উগ্রপন্থী বই জব্দ করা হয়েছে। তিনি পেশায় দন্তচিকিৎসক।
আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করছেন এটিইউর পুলিশ সুপার (গণমাধ্যম ও সচেতনতা) মোহাম্মদ আসলাম খান। তিনি বলেন, কাশেম আলফি তাঁর অন্য সহযোগীদের নিয়ে অনলাইনে জঙ্গিবাদী প্রচারণাসহ দীর্ঘদিন ধরে বিভিন্ন উগ্রবাদী কার্যক্রম চালিয়ে আসছিলেন। তিনি নিষিদ্ধ সংগঠনের প্রচলিত বই নিজ উদ্যোগে ছাপিয়ে অন্য সহযোগী সদস্যদের কাছে বিতরণ করতেন।
এটিইউ জানায়, আলফি জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য সামাজিক যোগাযোগমাধ্যম (সাইবার স্পেস) ব্যবহার করে, বিভিন্ন গ্রুপ খুলে উগ্রবাদী কনটেন্ট প্রচার ও উগ্রবাদী বিভিন্ন বই পোস্ট করে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাঁদের উগ্রবাদের দিকে আহ্বান করে আসছিলেন। এ ছাড়া আনসার আল ইসলামের (পুরোনো নাম আনসারুল্লাহ বাংলা টিম) আধ্যাত্মিক নেতা মুফতি জসীম উদ্দিন রাহমানীকে সমর্থন করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা, সন্ত্রাসী কাজে অর্থায়ন, উগ্রবাদী প্রশিক্ষণ ও জিহাদি প্রচার-প্রচারণার মাধ্যমে অন্যদের সন্ত্রাসী কাজে উদ্বুদ্ধ করার কাজ করে আসছিলেন কাশেম আলফি।
গত বছর মানিকগঞ্জের শিবালয় থানায় কাশেম আলফির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। পরে বুধবার গ্রেপ্তার হলে তাঁর বিরুদ্ধে রাজধানীর রামপুরা থানায় আরও একটি মামলা করা হয়েছে।