ডেস্ক রিপোর্ট
৭ অক্টোবর ২০২২, ১১:২০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৩ বছর উপলক্ষে আয়োজিত সমাবেশে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
আজ শুক্রবার (০৭ অক্টোবর) কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক শোভন রহমান এক যুক্ত বিবৃতিতে বলেন, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে একটি গণতান্ত্রিক কর্মসুচীতে এই ধরণের সন্ত্রাসী হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। এই হামলায় এখন পর্যন্ত প্রায় ১১ জন আহত হওয়ার কথা সংবাদ মাধ্যমে এসেছ। এমনকি আহতদেরকে মেডিকেলে নিয়ে যাওয়ার পরও আরেক দফা হামলা চালানো হয় এবং সেখানথেকে আহতদের মধ্য থেকেই ৪ জনকে পুলিশ আটক করে নিয়ে যায়। ছাত্রলীগ এই পাশবিক হামলার ভেতর দিয়ে আবার প্রমাণ করলো যে তারা সন্ত্রাসী সংগঠন। বিভিন্ন অজুহাতে তারা ভিন্ন মত ও সংগঠনের কর্মসুচীতে হামলা করে তাদেরকে গায়ের জোরে দমন করার জন্য।
নেতৃবৃন্দ বলেন, প্রশাসনের অব্যাহত নির্লিপ্ততার কারণেই আজ ক্যাম্পাস ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভয়ারণ্যে পরিণত হয়েছে। ইতিপূর্বে যতবার ছাত্রলীগ কোন সংগঠনের কর্মসুচীতে হামলা করেছে, প্রশাসন কখনই তার বিচারের উদ্যোগ নেয়নি। বরং সন্ত্রাসীদের পক্ষেই সাফাই গেয়েছে বা নিরব থেকেছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। সেই দায়িত্ব এড়িয়ে আজ প্রশাসন সন্ত্রাসীদের তোষণ করতে ব্যাস্ত।
নেতৃবৃন্দ প্রশাসনের এই নির্লজ্জ নির্লিপ্ততার নিন্দা জানান এবং জড়িত সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানান।