ডেস্ক রিপোর্ট

৫ অক্টোবর ২০২২, ৮:৫৭ অপরাহ্ণ

পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : অক্টোবর ৫, ২০২২ ৮:৫৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক::  আগামী শুক্রবার (৭ অক্টোবর) পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন তিনি।

বুধবার (০৫ অক্টোবর) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানাকে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

বার্তায় বলা হয়েছে, আগামী ৭ অক্টোবর দুপুর ১ টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতি সড়কপথে বঙ্গভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন। বিকাল ৪টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে উপস্থিত হবেন, বিকাল ৪টা ৩০ মিনিটে সমাধিসৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, বিশেষ মোনাজাত ও পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি।

এরপর বিকাল পৌনে ৫টায় বঙ্গবন্ধু ভবনে চা চক্রে অংশ নেবেন, সোয়া ৫টায় টুঙ্গিপাড়া থেকে কাশিয়ানী উপজেলার মধুমতী (কালনা) সেতুর উদ্দেশে যাত্রা করবেন রাষ্ট্রপতি। সেখানে কালনা সেতু ও মধুমতি নদী পরিদর্শন করবেন তিনি।

সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তিনি সেতু থেকে মাদারীপুর জেলার শিবচরের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে প্রয়াত ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত ও ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ মসজিদ দর্শন করবেন রাষ্ট্রপতি। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে শিবচর থেকে বঙ্গভবনের উদ্দেশে ফিরতি যাত্রা করবেন তিনি। রাত সাড়ে ৮টায় রাষ্ট্রপতির বঙ্গভবনে উপস্থিত হওয়ার কথা রয়েছে।

জেলা তথ্য অফিসার মঈনুল ইসলাম বলেন, ‘রাষ্ট্রপতির টুঙ্গিপাড়া সফল উপলক্ষে আগামী ৬ ও ৭ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।’

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, ‘রাষ্ট্রপতির টুঙ্গিপাড়া ও মধুমতী সেতু সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সেইসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।’

শেয়ার করুন