ডেস্ক রিপোর্ট
১৪ আগস্ট ২০২২, ১০:৩৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমূখে মিছিল সফল করার লক্ষ্যে আজ সকালে পল্টন থেকে মতিঝিল ও বিকালে পল্টন থেকে মালিবাগ পর্যন্ত পথসভা, লিফলেট বিলি ও গণসংযোগ অনুষ্ঠিত
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার ও গ্যাস-বিদ্যুৎ এর দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোট আহুত আগামী ১৬ আগষ্ট প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমূখে বিক্ষোভ মিছিল সফল করতে আজ ১৪ আগস্ট ২০২২ সকাল ১১টায় পল্টন মোড়ে থেকে মতিঝিল পর্যন্ত এবং বিকাল ৫.৩০টায় পল্টন মোড় থেকে মালিবাগ পর্যন্ত লিফলেট বিলি, পথসভা, মিছিল ও গণসংযোগ কর্মসূচি পলিত হয়।
সকাল ও বিকালের গণসংযোগ ও মিছিলের কর্মসূচিতে বক্তব্য রাখেন বজলুর রশীদ ফিরোজ, মিহির ঘোষ, আব্দুস সাত্তার, বিধান দাস, লুনা নূর, মাসুদ রানা, জুলফিকার আলী, শহিদুল ইসলাম সবুজ, জলি তালুকদার, খালেকুজ্জামান লিপন, নাইমা খালেদ মনিকা, বিঝন দাস, তৈমুর আলম, সেকান্দার হায়াৎ, অপুসহ বাম জোটের কেন্দ্রীয় ও নগর নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তাগণ বলেন, আন্তর্জাতক বাজারে দাম বৃদ্ধি, বিপিসির লোকসান, ভর্তুকি দিতে সরকারের অক্ষমতা এবং তেল পাচারের দোহাই দিয়ে সরকার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে তা সম্পূর্ণ অযৌক্তিক ও দেশের সাধরণ মানুষের উপর নিপীড়নের সামিল। আন্তর্জাতিক বাজারে এখন জ্বালানি তেলের দাম পড়তির দিকে। সরকার গত ১২ বছরে অলস বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জ বাবদ ৮৬ হাজার ৬৭০ কোটি টাকা প্রদান করেছে। এর মধ্যে শুধুমাত্র ১০ টি শীর্ষ বেসরকারি বিদ্যুৎ কোম্পানীকে ৪৪ হাজার৬৪০ কোটি টাকা দিয়েছে বলে পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। শুধু গত মার্চ মাস পর্যন্ত ৯ মাসে পর্যন্ত ক্যাপাসিটি চার্জ দেয়া হয়েছে ১৬ হাজার ৭৮৫ কোটি টাকা। এভাবে বিদ্যুৎ ব্যবসায়ীদেরকে ভর্তুকি দিয়ে বাড়তি দামের বোঝা জনগণের উপর চাপানো হচ্ছে। তেলের দামের প্রভাবে কৃষি ও শিল্প উৎপাদন, খাদ্য পণ্য, পরিবহন খরচ, বিদ্যুৎ, পানি, নিত্য পণ্যসহ সকল খাতে খরচ বহুগুনে বৃদ্ধি পাবে, যার প্রভাব ইতোমধ্যে পড়তে শুরু করেছে।
সভায় বক্তাগণ জ্বালানি তেলসহ নিত্যপণ্যের অযৌক্তিক ও গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমূখে বিক্ষোভ কর্মসূচি সফল করার এবং বর্তমান আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দুঃশাসন, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য ঢাকাসহ দেশের সকল মানুষের প্রতি আহ্বান জানান।