ডেস্ক রিপোর্ট

২৯ জুলাই ২০২২, ৬:৩১ অপরাহ্ণ

স্পেনে মূল্যস্ফীতি, ১৯৮৪ সালের পর সর্বোচ্চ

আপডেট টাইম : জুলাই ২৯, ২০২২ ৬:৩১ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: ইউক্রেনে হামলার পর রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপ। এর পাল্টা ব্যবস্থা হিসেবে অঞ্চলটিতে জ্বালানি সরবার উল্লেখযোগ্য মাত্রায় কমিয়েছে রাশিয়া। এতে ইউরোপে লাফিয়ে বাড়ছে মূল্যস্ফীতির হার। চলতি মাসে স্পেনের ভোক্তা মূল্যসূচক বেড়ে ১৯৮৪ সালের পর সর্বোচ্চ হয়েছে। দেশটির পরিসংখ্যান বিভাগ এ তথ্য জানিয়েছে। শুক্রবার (২৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্পেনের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের (আইএনই) প্রকাশিত প্রাথমিক তথ্যে বলা হয়েছে, পণ্যের মূল্য বার্ষিকভিত্তিতে ১০ দশমিক ৮ শতাংশ বেড়েছে। জুনে এই হার ছিল ১০ দশমিক ২ শতাংশ।

করোনা মহামারির পর ইউরোপের দেশগুলো যখন অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম শুরে করে ঠিক তখনই ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এতে স্পেনসহ ইউরোপের অধিকাংশ দেশ উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।

অর্থনীতি মন্ত্রী নাদিয়া ক্যালভিনো এই সপ্তাহে সতর্ক করেছেন যে মূল্যস্ফীতি স্প্যানিশ অর্থনীতির জন্য প্রধান চ্যালেঞ্জ।

আইএনই জানিয়েছে, অ্যালকোহল মুক্ত পানীয়, খাদ্য ও বিদ্যুতের দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতি বেড়ে গেছে।

স্পেনের প্রধানমন্ত্রী বলেন, আশা করা হচ্ছে চলতি বছরের শেষের দিকে মূল্যস্ফীতি কমবে। তবে মানুষের ভোগান্তি ও ব্যবসায়-বাণিজ্য রক্ষায় ভর্তুকিসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন