ডেস্ক রিপোর্ট

২৪ জুলাই ২০২২, ১:২৮ পূর্বাহ্ণ

নড়াইলে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

আপডেট টাইম : জুলাই ২৪, ২০২২ ১:২৮ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: নড়াইলে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার উদ্যোগে ২২ জুলাই বিকাল ৪ টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

নগরের আম্বরখানা পয়েন্ট থেকে মিছিল শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এসে সমাবেশ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সমন্বয়ক কমরেড সুশান্ত সিনহা সুমন এবং পরিচালনা করেন এডভোকেট মহিতোষ দেব মলয়। বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের নেতা এডভোকেট রনেন সরকার রনি, চা শ্রমিক অধিকার আন্দোলন এর কেন্দ্রীয় আহবায়ক কমরেড হৃদেশ মুদি, গনতান্ত্রিক শ্রমিক আন্দোলন সিলেট জেলার সদস্য সাজেদুল ইসলাম সাইদুল, নারী নেত্রী লক্ষি পাল, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক আয়েশা আক্তার প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকাকালে দেশে যতগুলো সাম্প্রদায়িক হামলার ঘটনা সংঘটিত হয়েছে তার সবকটাতেই সরকার দলীয় লোকজনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এতে বুঝা যায় সরকারের পরোক্ষ মদদেই এসব সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে চলেছে। ফলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এইসব হামলা প্রতিরোধে কার্যকর কোন উদ্যোগ নেই। লোকদেখানো কিছু তৎপরতা প্রশাসনের পক্ষে থাকলেও তা শেষ পর্যন্ত হামলাকারীদের পার পেয়ে যেতেই সহায়তা করেছে। সরকার সাম্প্রদায়িক কোন হামলার দায় নিজে না নিয়ে তা রাজনৈতিক বিরোধী দলগুলোর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এক ঢিলে দুই পাখি মারার মতো অনৈতিক প্রচেষ্টা চালিয়েছে। এমনিতর পরিস্থিতিতে অসাম্প্রদায়িক জনগণের ঐক্যবদ্ধ শক্তির বিকাশ ঘটানো ছাড়া বিকল্প কোন পথ নেই।

নেতৃবৃন্দ বলেন, ফেসীবাদের শেষ অস্ত্র হচ্ছে সাম্প্রদায়িকতা ও রাজনীতিতে ধর্মের ব্যবহার। ধর্মের ভিত্তিতে জনগণকে বিভক্ত করে রাখতে পারলে ফেসীবাদ কয়েম করা সহজ হয়। ফলে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে কার্যকর গন আন্দোলন গড়ে তুলতে হলে ফেসীবাদ বিরোধী লড়াই জোরদার করতে হবে।

শেয়ার করুন