ডেস্ক রিপোর্ট

২১ জুলাই ২০২২, ১:১৯ পূর্বাহ্ণ

মধ্যরাতে ছাত্রীদের আন্দোলনে উত্তপ্ত চবি, দাবি গ্রহণ করেছে প্রশাসন

আপডেট টাইম : জুলাই ২১, ২০২২ ১:১৯ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীদের আন্দোলনে চার দফা দাবি গ্রহণ করেছে প্রশাসন। চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান উপস্থিত শিক্ষার্থীদের সামনে দাবিগুলো পড়ে শোনান এবং স্বাক্ষর করেন।

অবস্থান কর্মসূচি থেকে শিক্ষার্থীদের চার দফা দাবি হলোঃ-

১.ছাত্রীদের হলে প্রবেশের ক্ষেত্রে বেঁধে দেওয়া সময়সীমা তুলে দিতে হবে।
২. যৌন নিপীড়ন সেল বাতিল করে নতুন করে সেল গঠন করতে হবে। সেলের বিচারের সর্বোচ্চ সময় ১ মাস করতে হবে।
৩. আগামী ৪ কর্মদিবসের মধ্যে চলমান ঘটনাগুলোর বিচার ও সুষ্ঠু সমাধান করতে হবে
৪. এসকল সমস্যা সমাধানে ব্যর্থ হলে প্রক্টরিয়াল বডিকে পদত্যাগ করতে হবে।

এর আগে, চবি ছাত্রীদের আবাসিক হলের সান্ধ্য আইনের বিপক্ষে প্রতিবাদ এবং ক্যাম্পাসের সর্বত্র শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ছাত্রীরা।

বুধবার (২০ জুলাই) রাত ১০টা থেকে উপাচার্যের বাসভবনের সামনে তারা অবস্থান নিয়েছেন।

এসময় তাঁরা সান্ধ্য আইনের বিপক্ষে প্রতিবাদ জানান। ছাত্রীদের বক্তব্য হচ্ছে, তাদের উত্ত্যক্ত এবং হেনস্তা করছে ছেলেরা। সুতরাং ব্যবস্থা নিতে হলে ছেলেদের হলেও সান্ধ্য আইন চালু করতে হবে। এছাড়াও তারা, ক্যাম্পাসের সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রশাসনকে হুশিয়ারি জানান।

পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী ইসরাত হক জেরিন বলেন, চাপিয়ে দেয়া কোনো সিদ্ধান্ত আমরা মানিনা। আমরা অবিলম্বে দোষীদের শাস্তি চাই, হলে ঢোকার ক্ষেত্রে সময়সীমা বেঁধে দেয়ার দায়সারা সিদ্ধান্ত প্রত্যাহার করে, দিনরাত ২৪ ঘন্টা সকল শিক্ষার্থীর নিরাপত্তা প্রশাসনকে নিশ্চিত করতে হবে।

ব্যাংকিং এন্ড ইন্সুইরেন্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী লিজা দাস বলেন, একজন ছাত্রী যদি রাতের শাটল মিস করে তাহলে তার হলে ফিরতে হয় বাসে করে। ক্যাম্পাসে আসতে আসতে ১১:৩০ টা বাজতেই পারে। এসময় সে হলে ঢুকতে না পারলে সে কি বাহিরে থাকবে?

আমরা এর স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আজকে এখানে অবস্থান করবো। আজকের সমস্যা তাই আজকেই এর সমাধান হতে হবে।

শেয়ার করুন