ডেস্ক রিপোর্ট

২১ জুলাই ২০২২, ৮:০৮ অপরাহ্ণ

ভারতের রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এগিয়ে দ্রৌপদী মুর্মু

আপডেট টাইম : জুলাই ২১, ২০২২ ৮:০৮ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে বিশাল ব্যবধানে এগিয়ে থাকায় ভারতের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন দেশটির ক্ষমতাসীন এনডিএ জোটের প্রার্থী আদিবাসী সাঁওতাল নারী দ্রৌপদী মুর্মু। প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় প্রেসিডেন্ট প্রার্থী যশবন্ত সিনহাকে পেছনে ফেলে ভারতের প্রথম আদিবাসী নারী হিসেবে ১৫তম রাষ্ট্রপতির পদে আসীন হওয়া দ্রৌপদীর এখন সময়ের অপেক্ষা মাত্র।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হওয়া ভোট গণনায় লোকসভা, রাজ্যসভার সাংসদ এবং দশ রাজ্যের বিধায়কদের ভোট মিলিয়ে দ্রৌপদী পেয়েছেন ১ হাজার ৩৪৯টি ভোট। যার ভোটমূল্য ৪ লাখ ৮৩ হাজার ২৯৯। অন্য দিকে, এখন পর্যন্ত যশবন্তের প্রাপ্ত ভোট ৫৩৭। যার ভোটমূল্য ১ লাখ ৮৯ হাজার ৮৭৬।

পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার বলছে, প্রথম দশটি রাজ্যের গণনার শেষে দ্রৌপদী পেয়েছেন ৮০৯টি ভোট। তার মোট মূল্য ১ লাখ ৫ হাজার ২৯৯। যশবন্ত পেয়েছেন ৩২৯টি ভোট। তার ভোট মূল্য ৪৪ হাজার ২৭৬। এই দশ রাজ্যে মোট বৈধ ভোট ছিল ১ হাজার ১৩৮।

রাষ্ট্রপতি নির্বাচনে ১৫ জন সাংসদের ভোট বাতিল হয়েছে। ভুলভাবে ব্যালট পেপারে দাগ দেওয়ার কারণেই তাদের ভোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দেশটির নির্বাচন কমিশন। প্রথম রাউন্ডে সাংসদদের ভোটগণনা শেষে দ্রৌপদীর পক্ষে পড়েছে ৫৪০ জন সাংসদের ভোট। প্রতিদ্বন্দ্বী যশবন্ত সিনহা পেয়েছেন ২২৮টি। অর্থাৎ ৭২.১৯ শতাংশ সাংসদই ভোট দিয়েছেন ওড়িশার জনজাতি নেত্রীকে।

রাষ্ট্রপতি নির্বাচনে সোমবার সব মিলিয়ে ভোট দিয়েছিলেন ৪ হাজার ৭৯৭ জন। তার মধ্যে লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের ভোটগণনা হচ্ছে আগে। প্রবণতা বলছে, ‘হিসাব মিলিয়েই’ এগিয়ে রয়েছেন দ্রৌপদী মুর্মু। তার পক্ষে পড়েছে ৫৪০ জন সাংসদের ভোট। প্রতিদ্বন্দ্বী যশবন্ত সিনহা পেয়েছেন ২২৮টি। প্রসঙ্গত, ভারতের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে লোকসভা ও রাজ্যসভায় নির্বাচিত প্রত্যেক সাংসদের ভোটমূল্য সমান— ৭০৮। কিন্তু বিভিন্ন রাজ্যের বিধায়কদের ভোটমূল্যে রয়েছে তারতম্য।

ভারতের প্রেসিডেন্টের নির্বাচনে প্রতিটি ভোটের জন্যই পয়েন্ট বরাদ্দ রয়েছে। কোনো সংসদীয় আসনের জনসংখ্যার অনুপাতে নির্ধারিত হয় এক একটি ভোটমূল্য। এ কারণে বিভিন্ন রাজ্যের বিধায়ক ও এমপিদের ভোটমূল্যেও তারতম্যও হয়।

উদাহারণ হিসেবে বলা যায়, ভারতের অন্যতম জনবহুল রাজ্য উত্তর প্রদেশের একজন বিধায়ক কিংবা এমপির একটি ভোটের মূল্য ২০৮, অন্যদিকে জনবিরল সিকিম রাজ্যের একজন বিধায়ক/এমপির একটি ভোটের মূল্য মাত্র ৭।

সেই হিসেবেও সাবেক বিজেপি নেতা ও বর্তমান তৃণমূল কংগ্রেসের সহসভাপতি যশোবন্ত সিনহার চেয়ে অনেক বেশি মূল্য পেয়েছেন ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার বিজেপি নেত্রী দৌপদী মুর্মু।

সূত্র: আনন্দবাজার, এনডিটিভি।

শেয়ার করুন