ডেস্ক রিপোর্ট

৬ জুন ২০২২, ১১:০১ অপরাহ্ণ

সীতাকুণ্ডের ঘটনায় মালিক এবং কর্তৃপক্ষের শাস্তি দাবি বাম জোটের

আপডেট টাইম : জুন ৬, ২০২২ ১১:০১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সীতাকুণ্ডের এর ডিপোতে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি ও হতাহতের জন্য দায়ী বিএম কন্টেইনার ডিপোর মালিক এবং কর্তৃপক্ষের শাস্তি দাবি করেছে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতারা।

সোমবার (৬ জুন) বিকালে চট্টগ্রামের প্রেসক্লাবে এক সমাবেশে জোট নেতারা এই দাবি করেন। এর আগে বাম জোটের কেন্দ্রীয় নেতারা সীতাকুণ্ডের ক্ষতিগ্রস্ত ডিপো পরিদর্শন করেন। এরপর তারা চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে আহত দগ্ধদের চিকিৎসার খোঁজ খবর নেন।

বিকেলে প্রেসক্লাবের সমাবেশে বাম জোট চট্টগ্রাম জেলার সমন্বয়ক ও বাসদ (মার্ক্সবাদী) চট্টগ্রাম জেলার সদস্য সচিব শফি উদ্দিন কবির আবিদের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের ডা. হারুন উর রশীদ, বাসদ(মার্ক্সবাদী)’র কেন্দ্রীয় নেতা মানস নন্দী, সমাজতান্ত্রিক আন্দোলনের আব্দুল আলী, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী)’র বিধান দাস।

এতে বক্তারা বলেন, বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে অগ্নিদগ্ধ রোগীদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় মৃত্যুর অর্ধ শতাধিক ছাড়িয়ে গেছে। এই সংখ্যা আরো বাড়বে। চট্টগ্রামের তরুণ-যুবকরা যেভাবে আহতদের সহযোগিতায় চট্টগ্রাম মেডিকেলে রাত থেকে ভিড় করেছেন, রক্তদানে এগিয়ে এসেছেন, তা এক মহৎ মানবিক দৃষ্টান্ত হয়ে থাকবে।আমরা এজন্য তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি অর্ধশতাধিক মানুষের প্রাণহানি ও হতাহতের জন্য দায়ী বিএম কন্টেইনার ডিপোর মালিক এবং কর্তৃপক্ষের শাস্তি দাবি করছি।

জোটের কেন্দ্রীয় বিএম কন্টেইনার ডিপোর মালিকপক্ষ ডিপোতে হাইড্রোজেন পার অক্সাইডসহ রাসায়নিক দাহ্য পদার্থ রাখার বিষয়ে বিস্ফোরক অধিদপ্তরের কোনো অনুমতি নেয়নি। তারা এধরণের রাসায়নিক দাহ্য পদার্থের কন্টেইনার রাখার জন্য প্রচলিত আইন অনুসারে আলাদা বিশেষ অবকাঠামোর টার্মিনাল ও প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেনি এবং বিস্ফোরক অধিদপ্তর থেকে কোন অনুমতিও নেয়নি। বিএম কর্তৃপক্ষ ফায়ার ব্রিগেড থেকেও রাসায়নিক পদার্থের উপস্থিতির তথ্য গোপন করায়, বিস্ফোরণে অগ্নিনির্বাপনের কাজ নিয়োজিত কর্মী ও সাধারণ মানুষের মৃত্যুর সংখ্যা বেড়েছে। এটি নিছক কোন দুর্ঘটনা নয়, এর পেছনে বিএম ডিপো মালিক ও কর্তৃপক্ষের মারাত্মক অবহেলাই দায়ী।

বক্তারা বলেন, বিস্ফোরক, দাহ্য পদার্থ, কেমিক্যালস ও গার্মেন্টস পণ্য একসাথে না রাখার যে ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত ছিল এক্ষেত্রে তা মেনে চলা হয় নাই। এর ফলেই এই ভয়াবহ দূর্ঘটনা ঘটেছে এবং কর্তৃপক্ষ কোনোভাবেই এর দায় এড়াতে পারেনা। এজন্য আমরা তদন্ত করে অবহেলাজনিত মৃত্যুর দায়ে অবিলম্বে দায়ী মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর শাস্তি দেওয়ারর আহবান জানাই।

নেতৃবৃন্দ অগ্নিকান্ডে নিহতদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ ও আহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি জানান।

সিপিবি জেলা যুগ্ম সম্পাদক নুরুচ্ছফা ভুঁইয়ার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাহাঙ্গীর, বাসদ জেলা নেতা মহিনউদ্দিন, বাসদ(মার্কসবাদী) জেলা সদস্য জাহেদুন্নবী কনক।এসময় আরও উপস্থিত ছিলেন সিপিবি জেলা সভাপতি অশোক সাহা, বাসদ জেলা ইনচার্জ আল কাদেরি জয়, বাসদ(মার্কসবাদী) নেতা ইন্দ্রানী ভট্টাচার্য সোমা, বাসদ জেলা নেতা রায়হান উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন